প্রবা প্রতিবেদক
প্রকাশ : ০২ এপ্রিল ২০২৬ ২৩:০৬ পিএম
বুধবার রাতে ঢাকার আশুলিয়ার একটি বাসা থেকে রিপনকে গ্রেপ্তার করা হয়। ছবি: সংগৃহীত
পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) সাইবার ইউনিটের এসআই পরিচয়ে প্রতারণা করে অর্থ আত্মসাতের অভিযোগে রিপন মিয়া (২৪) নামে এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে সিআইডির বিশেষ পুলিশ সুপার (মিডিয়া) জসীম উদ্দিন খান এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান। গ্রেপ্তার যুবক নেত্রকোণার পূর্বধলার চান মিয়ার ছেলে।
সিআইডি জানায়, বুধবার রাতে ঢাকার আশুলিয়ার একটি বাসা থেকে রিপনকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার কাছ থেকে প্রতারণার কাজে ব্যবহৃত ৪টি মোবাইল ফোন এবং ৮টি সিম কার্ড জব্দ করা হয়।
সিআইডির সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ৭ জানুয়ারি রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর এলাকায় এক ব্যক্তির আইফোন-১৫ মডেলের মোবাইল ফোন হারিয়ে যায়। পরবর্তীকালে মোবাইল ফোন উদ্ধারের জন্য তিনি সাইবার ক্রাইম হেল্পলাইন নামক একটি ভুয়া ফেসবুক আইডির সঙ্গে যোগাযোগ করেন। ওই আইডি থেকে তাকে একটি হোয়াটসঅ্যাপ নম্বর দেওয়া হয়। সেখানে যোগাযোগ করলে প্রতারক নিজেকে ‘এসআই ইকবাল হোসেন’ পরিচয় দিয়ে মোবাইল ফোন উদ্ধার করে দেওয়ার আশ্বাস দেন। পরবর্তীতে বিকাশের মাধ্যমে ভুক্তভোগীর কাছ থেকে পাঁচ হাজার টাকা নিয়ে তিনি যোগাযোগ বন্ধ করে দেন।
এ ঘটনায় ভুক্তভোগী রাজধানীর খিলক্ষেত থানায় একটি মামলা দায়ের করেন। মামলার পর সিআইডির সাইবার পুলিশ সেন্টার (সিপিসি) বিষয়টি তদন্তে নামে এবং তথ্যপ্রযুক্তির সহায়তায় অভিযুক্ত রিপন মিয়াকে শনাক্ত করে গ্রেপ্তার করে।
প্রাথমিক তদন্তে আরও জানা গেছে, একই কৌশল ব্যবহার করে এই প্রতারক চক্র অপর এক ভুক্তভোগীর কাছ থেকে ৭২ হাজার ৭০০ টাকা আত্মসাৎ করেছেন।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে সিআইডি জানতে পারে, দীর্ঘদিন ধরে রিপন মিয়া নিজেকে সিআইডির বিভিন্ন কর্মকর্তা (এসআই ইকবাল, এসআই আরমান ইত্যাদি) পরিচয় দিয়ে আসছিলেন। সামাজিক মাধ্যমে মানুষের হারানো মূল্যবান সামগ্রী উদ্ধারের আশা দেখিয়ে তিনি এই জালিয়াতি করতেন। সিআইডির সাইবার সাপোর্ট সেন্টারেও তার বিরুদ্ধে একাধিক অভিযোগ রয়েছে। চক্রের অন্য সদস্যদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।