বাঞ্ছারামপুর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিবেদক
প্রকাশ : ২৭ মার্চ ২০২৬ ১৭:০৪ পিএম
অভিযুক্ত এএসআই মোহাম্মদ মাসুদ এবং চোর আলাল মিয়া। কোলাজ; প্রতিদিনের বাংলাদেশ
ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে গরু চোরের সঙ্গে ঘনিষ্ঠতার অভিযোগে পুলিশের এক সহকারী উপপরিদর্শক (এএসআই) মোহাম্মদ মাসুদকে বরখাস্ত করা হয়েছে।
বাঞ্ছারামপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ইয়াসিন শুক্রবার সকালে বিষয়টি নিশ্চিত করেন।
তিনি জানান, এক পুলিশ সদস্যের সঙ্গে চোরের যোগাযোগের বিষয়টি সামনে আসার পরপরই তাকে বরখাস্ত করা হয়েছে।
এর আগে, বৃহস্পতিবার রাতে উপজেলার দশানি গ্রামের বাসিন্দা মানিক মিয়ার একটি গরু চুরি হয়। পরে এলাকাবাসী ধাওয়া দিয়ে সন্দেহভাজন চোর আলাল মিয়ার বাড়ি থেকে গরুটি উদ্ধার করেন। এ সময় আলাল মিয়া চুরির কথা স্বীকার করেছেন বলে দাবি করেন স্থানীয়রা।
এ ঘটনায় নতুন মোড় নেয় যখন স্থানীয়রা আলাল মিয়ার ব্যবহৃত মোবাইল ফোন জব্দ করেন। সেখানে এএসআই মাসুদের সঙ্গে যোগাযোগের বিভিন্ন তথ্য পাওয়া গেছে বলে অভিযোগ ওঠে। ইমো অ্যাপে ভয়েস মেসেজ, চ্যাট ও ফোনালাপের আলামতও পাওয়া গেছে বলে দাবি করা হয়।
আলাল মিয়া স্থানীয়দের কাছে দাবি করেন, পূর্বে মাদক সংক্রান্ত একটি ঘটনার সময় এএসআই মাসুদের সঙ্গে তার পরিচয় হয়। এরপর থেকে তাদের মধ্যে যোগাযোগ গড়ে ওঠে এবং বিভিন্ন সময় তিনি ওই পুলিশ কর্মকর্তার কাছ থেকে সহযোগিতা পেয়েছেন বলে অভিযোগ করেন। এমনকি গরু চুরির সময়ও তার সঙ্গে যোগাযোগ করা হয়েছিল বলে জানান তিনি।
তবে এসব অভিযোগ অস্বীকার করেছেন এএসআই মোহাম্মদ মাসুদ। তিনি বলেন, “তার বিরুদ্ধে আনা অভিযোগ সম্পূর্ণ মিথ্যা”।
পরিচয় না জেনেই ইমোতে কথা বলেছিলেন বলে দাবি করে তিনি জানান, সংশ্লিষ্ট ব্যক্তির বিষয়ে তিনি কিছুই জানতেন না।