খুলনা অফিস
প্রকাশ : ১৬ মার্চ ২০২৬ ১৩:৪০ পিএম
দৌলতপুর থানা যুবদল নেতা রাশিকুল আলম রাশু। ছবি: প্রতিদিনের বাংলাদেশ
খুলনা মহানগরের দৌলতপুর এলাকায় প্রকাশ্য দিবালোকে গুলি করে হত্যা করা হয়েছে যুবদল নেতা রাশিকুল আলম (৩৫) ওরফে রাশুকে।
দৌলতপুর থানার কেডিএ কল্পতরু মার্কেট এলাকায় সোমবার আনুমানিক ১১টা ২৫ মিনিটে তার নিজ ব্যবসা প্রতিষ্ঠানে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।
নিহত রাশিকুল আলম রাশু দৌলতপুর থানা যুবদলের রাজনীতির সঙ্গে সক্রিয়ভাবে যুক্ত ছিলেন।
তিনি এর আগে দৌলতপুর থানা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক হিসেবেও দায়িত্ব পালন করেছেন। পাশাপাশি কল্পতরু মার্কেটে তিনি ইট, বালি ও সিমেন্টের ব্যবসা পরিচালনা করতেন।
রাশু দৌলতপুর এলাকার বাসিন্দা এবং তার পিতার নাম মো. শরীফ আনাম।
স্থানীয় কয়েকজনের সঙ্গে কথা বলে জানা যায়, ঘটনার সময় রাশু তার ব্যবসা প্রতিষ্ঠানে বসে ছিলেন। এ সময় কয়েকজন দুর্বৃত্ত সেখানে এসে তাকে লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি চালায়।
এ সময় একটি গুলি তার মাথায় বিদ্ধ হয়। হঠাৎ গুলির শব্দে আশপাশের এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। হামলার পরপরই দুর্বৃত্তরা দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে।
পরে ঘটনাস্থল থেকে তিন রাউন্ড গুলির খোসা উদ্ধার করা হয় বলে জানা গেছে।
গুলিবিদ্ধ অবস্থায় স্থানীয়রা দ্রুত রাশুকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে জরুরি বিভাগে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন।
দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। হত্যাকাণ্ডের কারণ উদঘাটন এবং জড়িতদের শনাক্ত করতে তদন্ত শুরু হয়েছে।
এদিকে হত্যাকাণ্ডের খবর ছড়িয়ে পড়লে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিহতের স্বজন, বন্ধু-বান্ধব এবং দলীয় নেতা-কর্মীরা ভিড় করেন। স্বজনদের কান্না ও আহাজারিতে হাসপাতাল এলাকায় শোকাবহ পরিবেশের সৃষ্টি হয়। ঘটনার পর স্থানীয়দের মধ্যেও আতঙ্ক বিরাজ করছে।