প্রবা প্রতিবেদক
প্রকাশ : ১০ মার্চ ২০২৬ ২০:০৭ পিএম
পুলিশের অভিযানে ঢাকার তেজগাঁও থেকে উদ্ধার করা হয় মানুষের ৪৭টি মাথার খুলি ও হাড়। এসময় গ্রেপ্তার করা হয় ৪ জনকে। ছবি: সংগৃহীত
ঢাকার তেজগাঁও থানা এলাকা থেকে ৪৭টি মাথার খুলি ও বিপুল পরিমাণ মানবদেহের হাড় উদ্ধারের ঘটনায় গ্রেপ্তার হওয়া সংঘবদ্ধ মানব কঙ্কাল চোর চক্রের চার সদস্যকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।
ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের ম্যাজিস্ট্রেট মোহাম্মদ এহসানুল ইসলাম মঙ্গলবার শুনানি শেষে এ আদেশ দেন।
এদিন মামলার তদন্ত কর্মকর্তা শাহাদাত হোসেন নাফিস আসামিদের আদালতে হাজির করে তাদের কারাগারে আটক রাখার আবেদন করেন। শুনানি শেষে আদালত আবেদন মঞ্জুর করে চারজনকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
প্রসিকিউশন বিভাগের উপ-পরিদর্শক আরিফ রেজা বিষয়টি নিশ্চিত করেছেন।
কারাগারে পাঠানো চার আসামি হলেন কাজী জহরুল ইসলাম ওরফে সৌমিক, মো. আবুল কালাম, আসাদুল মুন্সী ওরফে জসিম ওরফে এরশাদ এবং ফয়সাল আহম্মেদ।
আইনশৃঙ্খলা বাহিনীর অভিযানে ঢাকার তেজগাঁও থানা এলাকা থেকে ৪৭টি মাথার খুলি এবং মানবদেহের বিপুল পরিমাণ হাড় উদ্ধার করা হয়।
এ ঘটনায় একটি সংঘবদ্ধ চক্র মানব কঙ্কাল সংগ্রহ ও পাচারের সঙ্গে জড়িত থাকতে পারে বলে ধারণা করছেন তদন্ত সংশ্লিষ্টরা। মামলার তদন্ত অব্যাহত রয়েছে।