প্রবা প্রতিবেদক
প্রকাশ : ০৭ মার্চ ২০২৬ ১১:২১ এএম
ঢাকার বনানী কবরস্থান রোড এলাকা থেকে শুক্রবার তিন বস্তা পাতি সরালি প্রজাতির বুনো হাঁস উদ্ধার করে ওয়াইল্ডলাইফ ক্রাইম কন্ট্রোল ইউনিট এবং বাংলাদেশ অ্যানিমেল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সদস্যরা। ছবি: প্রতিদিনের বাংলাদেশ
ঢাকার বনানী এলাকা থেকে তিন বস্তা ভর্তি বুনো হাঁস উদ্ধার করেছে ওয়াইল্ডলাইফ ক্রাইম কন্ট্রোল ইউনিট এবং বাংলাদেশ অ্যানিমেল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সদস্যরা। এ সময় বুনো হাঁস বিক্রির সঙ্গে জড়িত থাকার অভিযোগে একজনকে আটক করা হয়েছে।
বনানী কবরস্থান রোড এলাকা থেকে শুক্রবার এসব পাতি সরালি প্রজাতির বুনো হাঁস উদ্ধার করা হয়।
বাংলাদেশ অ্যানিমেল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের আহ্বায়ক ও বন্যপ্রাণী বিশেষজ্ঞ আদনান আজাদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারেন যে বস্তায় করে ঢাকার বাইরে থেকে বেশকয়েকটি বুনো হাঁস বনানী এলাকায় আনা হয়েছে এবং চোরাকারবারীরা সেগুলো বিক্রির জন্য হাতবদলের অপেক্ষায় ছিল। খবর পেয়ে সংশ্লিষ্ট টিম ঘটনাস্থলে অভিযান চালিয়ে তাদের হাতেনাতে ধরে ফেলে এবং বুনো হাঁসগুলো উদ্ধার করে।
উদ্ধার করা হাঁসগুলো প্রথমে বাংলাদেশ অ্যানিমেল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের তত্ত্বাবধানে নেওয়া হয়। পরে সেগুলো বন বিভাগের জিম্মায় হস্তান্তর করা হয়েছে।
আদনান আজাদ জানান, আগামীকাল এসব বুনো হাঁসকে তাদের প্রাকৃতিক আবাসস্থলে অবমুক্ত করা হবে।