নওগাঁর নিয়ামতপুরে বিয়ের অনুষ্ঠান থেকে এক তরুণীকে ডেকে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করা হলে তিনজনকে গ্রেপ্তার করেন নিয়ামতপুর থানা পুলিশ।
মামলার এজাহার সূত্রে জানা গেছে, গত ২০ ফেব্রুয়ারি ২০২৬ তারিখে নিয়ামতপুরের ভাবিচা ইউনিয়নের (জাবরিপাড়া) গ্রামে একটি বিবাহ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। ২১ ফেব্রুয়ারি কনেকে নিয়ে যাওয়ার জন্য আত্মীয় স্বজনরা সেখানে আসে, রাত আনুমানিক সাড়ে ৯টার দিকে অভিযুক্তদের একজন কৌশলে ভুক্তভোগী তরুণীকে বাড়ির বাইরে ডেকে নেয়।
অভিযোগে বলা হয়, তরুণীকে স্থানীয় এক খলিয়ানে নিয়ে গিয়ে তিনজন সংঘবদ্ধভাবে ধর্ষণ করে। একপর্যায়ে নিজেকে রক্ষা করে ঘটনাস্থল থেকে পালিয়ে বিয়েবাড়িতে এসে স্বজনদের বিষয়টি জানায় তরুণী।
স্থানীয়রা অভিযুক্তদের ধরার চেষ্টা করলে তারা পালিয়ে যায়।
এ বিষয়ে নিয়ামতপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) রেজাউল করিম (ভারপ্রাপ্ত) বলেন, “ভুক্তভোগীর খালা শ্রীমতি আরতী মুর্মু থানায় এজাহার দায়ের করলে নারী ও শিশু নির্যাতন দমন আইনে থানায় মামলা দায়ের হয়। গভীর রাতে থানার চৌকস টিম অভিযান চালিয়ে অভিযুক্ত তিনজনকে গ্রেপ্তার করে।”