চট্টগ্রাম অফিস
প্রকাশ : ২০ জানুয়ারি ২০২৬ ১৯:৫৪ পিএম
চট্টগ্রামের পতেঙ্গায় র্যাব-৭ এর কার্যালয়ে মঙ্গলবার র্যাবের উপসহকারী পরিচালক-ডিএডি মো. মোতালেব হোসেনে জানাজা শেষে সাংবাদিকদের সাথে কথা বলছেন র্যাব মহাপরিচালক একেএম শহিদুর রহমান। ছবি: প্রতিদিনের বাংলাদেশ
চট্টগ্রামের সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুরের সন্ত্রাসি আস্তানায় শিগগির অভিযান পরিচালনা হবে বলে মন্তব্য করেছেন র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) মহাপরিচালক (ডিজি) একেএম শহিদুর রহমান।
নগরের পতেঙ্গায় র্যাব-৭ এর কার্যালয়ে মঙ্গলবার বিকালে র্যাবের উপসহকারী পরিচালক-ডিএডি (নায়েব সুবেদার) মো. মোতালেব হোসেনে জানাজা শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।
জঙ্গল সলিমপুর এলাকায় অভিযানে গিয়ে সোমবার দুর্বৃত্তদের হামলায় নিহত হন মো. মোতালেব হোসেন।
র্যাব মহাপরিচালক বলেন, “এখানে (জঙ্গল সলিমপুর) যারা অবৈধভাবে বসবাস করছে, অস্ত্রধারী সন্ত্রাসী আছে, খুব শিগগির আইনি প্রক্রিয়ার মাধ্যমে আমরা তাদের নির্মূল করব। অবৈধ কর্মকাণ্ডের এই আস্তানা আমরা ভেঙে-চুড়ে গুঁড়িয়ে দেবো, এটুকু আমরা আপনাদের কথা দিতে পারি”।
শহিদুর রহমান বলেন, “সুবেদার মোতালেব শহীদ হলেন। এর জন্য যারা দায়ী, তাদেরকে আমরা আইনের আওতায় নিয়ে আসব। বিচারিক কার্যক্রমের মাধ্যমে যাতে তাদের সাজা নিশ্চিত হয়, সেটি আমরা নিশ্চিত করব যেকোনো মূল্যে।
“আমি আপনাদের কথা দিতে চাই যে, এর বিচারের রায় কার্যকর না হওয়া পর্যন্ত র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন পুরো জিনিস মনিটর করবে”।
মোতালেবের মৃত্যুতে যে অপূরণীয় ক্ষতি হয়েছে, তা পূরণ করা সম্ভব না উল্লেখ করে শহিদুর রহমান আরও বলেন, “আমরা নিশ্চিত করতে চাই, এই পরিবারের দায়িত্ব আমরা গ্রহণ করলাম”।
মহাপরিচালক বলেন, “সলিমপুরের ঘটনায় আত্মরক্ষার অধিকার থাকা সত্ত্বেও তাৎক্ষণিক পরিস্থিতি বিবেচনায় গুলি চালানো হয়নি, কারণ এতে সাধারণ মানুষের হতাহত হওয়ার আশঙ্কা ছিল। অভিযানে কোনো ভুল বা ত্রুটি ছিল কি না, তা খতিয়ে দেখতে একটি তদন্ত কমিশন গঠন করা হয়েছে”।
সাংবাদিকের এক প্রশ্নের জবাবে র্যাব মহাপরিচালক বলেন, “অভিযানের সময় মাইকে ঘোষণা দিয়ে লোক জড়ো করে বাহিনীর ওপর হামলা চালানো হয়। ভিডিও ফুটেজে মাইকের ব্যবহার শোনা গেছে এবং একটি রাজনৈতিক কার্যালয় থেকে ঘোষণা দেওয়ার অভিযোগ উঠেছে। রাজনৈতিক সংশ্লিষ্টতা আছে কি-না, তা তদন্ত শেষে জানা যাবে”।