প্রবা প্রতিবেদক
প্রকাশ : ২৪ ডিসেম্বর ২০২৫ ১৫:২৩ পিএম
রাজধানীর হাতিরঝিল থানায় দায়ের করা যুবদল নেতা আরিফ সিকদার হত্যা মামলায় শীর্ষ সন্ত্রাসী সুব্রত বাইনের মেয়ে খাদিজা ইয়াসমিন বিথীকে জিজ্ঞাসাবাদের জন্য আবারও ৪ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
তদন্ত কর্মকর্তা আবেদনের পরিপ্রেক্ষিতে বুধবার ঢাকার মেট্রেপলিটন ম্যাজিস্ট্রেট সারাহ্ ফারজানা হক এ আদেশ দেন।
পাঁচ দিনের রিমান্ড শেষে, এদিন শুনানির সময়ে বিথীকে আদালতে হাজির করা হয়। তদন্ত কর্মকর্তা পুনরায় তার পাঁচ দিনের রিমান্ড আবেদন করেন। পরে আদালত চার দিনের জন্য তা মঞ্জুর করেন।
প্রসিকিউশন বিভাগের উপ-পরিদর্শক আরিফ রেজা রিমান্ডের এতথ্য নিশ্চিত করেন।
আসামি পক্ষের আইনজীবী আদালতে রিমান্ড বাতিল চেয়ে বলেন, তাকে এর আগে রিমান্ডে নিয়ে কোনো তথ্য পাওয়া যায়নি। তারপরও আবারও রিমান্ড চাওয়া হয়েছে। পুনরায় রিমান্ড চাওয়ার কোনো যুক্তি নেই। তার দুটো বাচ্চা আছে। আমি তার রিমান্ড বাতিল চেয়ে জামিন চাইছি।
রাষ্ট্রপক্ষে অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর শামসুদ্দোহা সুমন তার রিমান্ডের পক্ষে শুনানি করেন। আদালতে তিনি বলেন, আগামীকাল তারেক রহমান দেশে আসছেন। সামনে আমাদের জাতীয় নির্বাচন। সুতরাং এসব বিষয় নিয়ে দেশের নিরাপত্তা নিয়ে শঙ্কা আছে। আসামি সুব্রত বাইনের মতো শীর্ষ সন্ত্রাসীর মেয়ে। এছাড়াও এ মামলায় তার কাছ থেকে আরও গুরুত্বপূর্ণ তথ্য থাকতে পারে। এজন্য তাকে রিমান্ড আবেদন করা হয়েছে। তার কাছে গুরুত্বপূর্ণ তথ্য থাকতে পারে। এজন্য তার সর্বোচ্চ রিমান্ড চাই।
আদালতে আসামি খাদিজা ইয়াসমিন বীথি বলেন, এ মামলার কোন কিছুই আমি নই। আমার বাবা অপরাধী হতে পারে। তার জন্য তো আমি দায়ী না। আমার মেয়ে বাচ্চা আছে। তাকে এখন প্রতিবেশীরা দেখাশোনা করছে। আমার বাচ্চা কেনো অন্য মানুষের কাছে থাকবে? আমার বাবা তো আইনি হেফাজতে আছে। সুতরাং আমাকে কেনো গ্রেপ্তার করে রিমান্ডে পাঠানো হচ্ছে?
কুমিল্লা জেলা কারাগারের সামনে থেকে গত ১৫ ডিসেম্বর বিথীকে গ্রেপ্তার করা হয়। পরে ১৮ ডিসেম্বর আদালত তার পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করে।
মামলার আবেদনে বলা হয়, গত ১৯ এপ্রিল রাতে রাজধানীর হাতিরঝিল থানাধীন নয়াটোলা মোড়ল গলির ‘দি ঝিল ক্যাফে’র সামনে যুবদল নেতা মো. আরিফ সিকদারকে গুলি করা হয়। আহত অবস্থায় তাকে ঢাকা মেডিক্যাল কলেজ ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় ২১ এপ্রিল মৃত্যু হয় তার।