প্রবা প্রতিবেদন
প্রকাশ : ১৫ ডিসেম্বর ২০২৫ ০০:৪৪ এএম
ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদিকে হত্যাচেষ্টার ঘটনায় অভিযুক্ত শুটার ফয়সাল করিম মাসুদ ওরফে দাউদ খানের স্ত্রী, শ্যালকসহ তিনজনকে গ্রেপ্তার করেছে র্যাব।
গ্রেপ্তার তিনজন হলেন— ফয়সালের স্ত্রী বেগম সামিয়া, শ্যালক শিপু এবং বেগম মারিয়া। এ নিয়ে এ ঘটনায় মোট গ্রেপ্তারের সংখ্যা দাঁড়িয়েছে ছয়জনে।
রবিবার (১৪ ডিসেম্বর) রাতে র্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক উইং কমান্ডার এম জেড এম ইন্তেখাব চৌধুরী এসব তথ্য জানান।
তিনি জানান, গ্রেপ্তারদের কাছ থেকে অভিযুক্ত ফয়সাল করিম মাসুদ ওরফে দাউদ খানের স্বাক্ষরিত বিপুল সংখ্যক চেকবই এবং বিভিন্ন ইলেকট্রনিক ডিভাইস জব্দ করা হয়েছে।
এর আগে রবিবার বিকালে ডিএমপির মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপস) এস এন নজরুল ইসলাম জানান, হাদির ওপর হামলার ঘটনায় সংশ্লিষ্ট সন্দেহভাজনদের পাসপোর্ট ব্লক করা হয়েছে। একই সঙ্গে এ ঘটনায় জড়িত সন্দেহে তিনজনকে আটক করা হয়।
আটক তিনজন হলেন— সিবিয়ন দিও, সঞ্জয় চিসিম এবং র্যাবের পৃথক অভিযানে সন্দেহভাজন আটক মো. আব্দুল হান্নান, যাকে পল্টন থানায় হস্তান্তর করা হয়েছে। এসময় হামলায় ব্যবহৃত একটি মোটরসাইকেলও জব্দ করা হয়।
সিসিটিভি ফুটেজে দেখা দুই আসামি দেশে আছে নাকি বিদেশে পালিয়ে গেছে— এমন প্রশ্নের জবাবে এস এন নজরুল ইসলাম বলেন, তাদের দেশের বাইরে চলে যাওয়ার কোনো তথ্য পুলিশের কাছে নেই। তিনি জানান, ফয়সাল মোটরসাইকেলের পেছনে বসে শরিফ ওসমান হাদিকে গুলি চালায় এবং মোটরসাইকেলটি চালাচ্ছিল আলমগীর। পুলিশের সর্বশেষ তথ্যানুযায়ী, ফয়সাল গত জুলাই মাসে থাইল্যান্ড থেকে বাংলাদেশে ফেরেন।
এদিকে, শরিফ ওসমান হাদিকে উন্নত চিকিৎসার জন্য সোমবার (১৫ ডিসেম্বর) দুপুরে একটি এয়ার অ্যাম্বুলেন্সে সিঙ্গাপুর নেওয়া হবে বলে জানিয়েছে প্রধান উপদেষ্টার কার্যালয়। এ লক্ষ্যে প্রয়োজনীয় মেডিকেল এয়ার অ্যাম্বুলেন্স, চিকিৎসক দল ও ভ্রমণসংক্রান্ত সব প্রস্তুতি ইতোমধ্যেই সম্পন্ন করা হয়েছে। সিঙ্গাপুর জেনারেল হাসপাতালের অ্যাক্সিডেন্ট অ্যান্ড ইমার্জেন্সি বিভাগে তার চিকিৎসার সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে।