লালমনিরহাট প্রতিবেদক
প্রকাশ : ১১ ডিসেম্বর ২০২৫ ২১:২৩ পিএম
জব্দকৃত ভারতীয় স্বর্ণ কাতান শাড়ি। প্রবা
লালমনিরহাটের সীমান্ত এলাকায় চোরাচালানবিরোধী বিশেষ অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় স্বর্ণ কাতান শাড়ি জব্দ করেছে লালমনিরহটি ব্যাটালিয়ান(১৫ বিজিবি)। জব্দকৃত শাড়িগুলোর সিজার মূল্য নির্ধারণ করা হয়েছে ২৭ লাখ ২০ হাজার টাকা।
বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) রাত ১২টা ৫০ মিনিটে কুড়িগ্রামের ভুরুঙ্গামারী উপজেলার পূর্ব ভোটহাট এলাকায় বাগভান্ডার বিওপির টহলদল এ অভিযান পরিচালনা করে।
বিজিবি জানায়, বিশ্বস্ত গোয়েন্দা তথ্যের ভিত্তিতে চোরাকারবারীরা ভারতীয় শাড়ির বড় একটি চালান সীমান্ত পথে বাংলাদেশে পাচারের চেষ্টা করছে। টহলদল সন্দেহভাজন কয়েকজন ব্যক্তিকে চ্যালেঞ্জ করলে তারা সাথে থাকা মালামাল ফেলে ভারতের দিকে পালিয়ে যায়। পরে ঘটনাস্থলে তল্লাশি চালিয়ে ২৭২টি ভারতীয় স্বর্ণ কাতান শাড়ি জব্দ করে বিজিবি।
১৫ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মেহেদী ইমাম বলেন, আন্তঃসীমান্ত চোরাচালান শূন্যের কোঠায় নামিয়ে আনতে বিজিবি সর্বদা তৎপর। সীমান্ত এলাকায় গোয়েন্দা নজরদারি ও টহল আরও জোরদার করা হয়েছে।
তিনি আরও জানান, এই ঘটনার সঙ্গে জড়িত চোরাচালান চক্রকে শনাক্ত করে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে। পাশাপাশি স্থানীয় জনগণকে চোরাচালান প্রতিরোধে সহযোগিতার আহ্বান জানান এবং গোপন তথ্য প্রদানকারীর পরিচয় সম্পূর্ণরূপে গোপন রাখার নিশ্চয়তা দেন।
বিজিবির এ সফল অভিযানে সদস্যদের সাহসিকতা ও কৌশলগত দক্ষতা সীমান্ত নিরাপত্তা জোরদারের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে জানিয়েছে ব্যাটালিয়ন কর্তৃপক্ষ।