বগুড়া শহরের কালিতলা এলাকায় অভিযান চালিয়ে ২৬ হাজার কেজি নিষিদ্ধ ঘোষিত পলিথিন জব্দ করেছে জেলা প্রশাসন, পরিবেশ অধিদপ্তর ও র্যাব-১২। এ ঘটনায় ৩ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড এবং দুই লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। বুধবার (১০ ডিসেম্বর) সকাল সাড়ে ১০টায় এ অভিযান চালানো হয়।
অভিযুক্তরা হলেন—বগুড়া শহরের আটপাড়া এলাকার হেলালুজ্জামান (৪৫), নাটাই পূর্ব পাড়া এলাকার রফিকুল ইসলাম (৪০) এবং সদর উপজেলার গোকুল এলাকার জাকারিয়া (২২)। এদের মধ্যে হেলালুজ্জামান ও রফিকুল ইসলামকে ৩০ দিন এবং জাকারিয়াকে ১৫ দিনের কারাদণ্ড দেওয়া হয়। হেলালুজ্জামানকে দুই লাখ টাকা জরিমানাও করা হয়েছে।
অভিযানে নেতৃত্ব দেন জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রশিদুল ইসলাম এবং র্যাব-১২ বগুড়ার কোম্পানি কমান্ডার স্কোয়াড্রন লিডার ফিরোজ আহমেদ।
স্কোয়াড্রন লিডার ফিরোজ আহমেদ বলেন, ‘বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন ১৯৯৫ (সংশোধিত ২০১০) এর ৬(ক) ও ১৫(১) ধারায় অপরাধ প্রমাণিত হওয়ায় তিনজনকে জেল-জরিমানা করা হয়েছে। অভিযানে জব্দ করা ২৬ হাজার কেজি পলিথিনের আনুমানিক বাজারমূল্য প্রায় ৫২ লাখ টাকা।’