প্রবা প্রতিবেদক
প্রকাশ : ০৩ ডিসেম্বর ২০২৫ ২০:২৮ পিএম
আহতদের দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসা হয়। প্রবা ফটো
রাজধানীর ডেমরায় পরকীয়া সন্দেহকে কেন্দ্র করে স্ত্রী মোরশেদা আক্তারকে (২৩) কুপিয়ে জখম করেছেন সোহাগ মিয়া (৩২) নামে এক গার্মেন্টস কর্মী। আঘাতের সময় শাশুড়ি বাধা দিলে তাকেও ধারালো ছুরি দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে সোহাগ।
বুধবার (৩ ডিসেম্বর) দুপুরের দিকে ডেমরার মাতব্বর গলির এলাকার একটি ভাড়া বাসায় এ ঘটনা ঘটে। পরে গুরুতর আহত অবস্থায় তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসা হয়। ঘটনার পর এলাকাবাসী সোহাগকে আটক করে পুলিশে সোপর্দ করে।
আহত মোরশেদার মামা মফিজুল ইসলাম (আকাশ) জানান, মোরশেদা ও তার স্বামী সোহাগ দু’জনেই পোশাক কারখানায় কাজ করে। পারিবারিক বিষয় নিয়ে প্রায়ই তাদের মধ্যে ঝগড়া লেগেই থাকতো। আজ (বুধবার) দুপুরে পরকীয়ার সন্দেহের জেরে কথা কাটাকাটির এক পর্যায়ে সোহাগ তার স্ত্রী মোরশেদাকে কুপিয়ে জখম করে। সোহাগের শাশুড়ি বাঁচাতে আসলে তাকেও কুপিয়ে জখম করা হয়। পরে এলাকাবাসী সোহাগকে আটক করে পুলিশে সোপর্দ করে।
ডেমরা থানার উপ-পরিদর্শ (এসআই) মোঃ শাহিন পারভেজ বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে সোহাগকে আটক করেছে। আহত দুজনকে হাসপাতালে পাঠানো হয়েছে।
তিনি আরও বলেন, প্রাথমিক তদন্তে জানা গেছে, পরকীয়া সন্দেহ থেকেই ঝগড়ার এক পর্যায়ে এ হামলা চালানো হয়েছে বলে প্রাথমিক ভাবে জানতে পেরেছি। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।