প্রবা প্রতিবেদক
প্রকাশ : ১৩ নভেম্বর ২০২৫ ২১:০১ পিএম
ছবি: সংগৃহীত
রাজধানীতে নাশকতার চেষ্টা ও ঝটিকা মিছিলের সাথে জড়িত কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ৪৩ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। রাজধানীর একাধিক স্থানে এসব অভিযান পরিচালিত হয়। ডিবির ওয়ারী, লালবাগ, মতিঝিল, তেজগাঁও, মিরপুর, গুলশান, রমনা, উত্তরা ও সাইবার ক্রাইম বিভাগের টিমগুলো এসব অভিযান পরিচালনা করে।
বৃহস্পতিবার (১৩ নভেম্বর) ঢাকা মহানগর পুলিশের উপ-কমিশনার (মিডিয়া) মুহাম্মদ তালেবুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, গ্রেপ্তার ব্যক্তিরা কার্যক্রম নিষিদ্ধ আ.লীগ ও এর অঙ্গসংগঠনের সক্রিয় সদস্য। এদের মধ্যে গ্রেপ্তারকৃত এ্যাডভোকেট এস এম আবুল হোসেন নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের ঝটিকা মিছিলে লোক সংগ্রহকারী ও সংগঠক। তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।
এদিকে বুধবার মোহাম্মদপুর এলাকায়ও অভিযান পরিচালনা করে বিভিন্ন অপরাধে জড়িত ১৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে। বৃহস্পতিবার (১৩ নভেম্বর) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। গ্রেপ্তারকৃতদের কাছ থেকে ৫০ গ্রাম হেরোইন, ১০০ গ্রাম গাঁজা, ২ টি ককটেল এবং মানব পাচার আইনে একজন শিশু ভিকটিমকেও উদ্ধার করা হয়। গ্রেপ্তারদের আদালতে প্রেরণ করা হয়েছে। এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়।