নাশকতার প্রস্তুতি
প্রবা প্রতিবেদক
প্রকাশ : ০৭ নভেম্বর ২০২৫ ২৩:১১ পিএম
আগামী ১৩ নভেম্বর কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ কর্তৃক লকডাউন কর্মসূচি ও নাশকতার প্রস্তুতিকে কেন্দ্র করে আওয়ামী লীগ ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের ৩৭ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগ ও ঢাকা জেলা পুলিশ। বৃহস্পতিবার (৬ সেপ্টেম্বর) দিবাগত রাতে পৃথক অভিযানে তাদের তাদের গ্রেপ্তার করা হয়। শুক্রবার (৭ নভেম্বর) ঢাকা মহানগর পুলিশের মুখপাত্র মুহাম্মদ তালেবুর রহমান ও ঢাকা জেলার পুলিশ সুপার (এসপি) মো. আনিসুজ্জামান এ তথ্য নিশ্চিত করেন।
ঢাকা মহানগর পুলিশের মুখপাত্র তালেবুর রহমান বলেন, বৃহস্পতিবার রাতে তেজগাঁও থানাধীন মনিপুরিপাড়া, খিলগাঁও থানাধীন নন্দীপাড়া, পশ্চিম আগারগাঁও, বসুন্ধরা, ডেমরা ও লালবাগ এলাকায় পৃথক অভিযান চালিয়ে ৬ জনকে গ্রেপ্তার করে মহানগর গোয়েন্দা পুলিশ। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
এদিকে ঢাকা জেলা পুলিশ সুপার (এসপি) মো. আনিসুজ্জামান জানান, জেলা পুলিশের অভিযানে গ্রেপ্তারকৃত ৩১ জনের সবাই আ.লীগের সক্রিয় কর্মী। তারা মিছিল ও মিটিংয়ে অংশগ্রহণকারী বা বিক্ষোভ মিছিল করার প্রস্তুতিকালেই গ্রেপ্তার হয়েছেন।
ঢাকা জেলা পুলিশ সূত্র জানান, গ্রেপ্তারকৃতদের মধ্যে শেখ রাসেল জাতীয় শিশু-কিশোর পরিষদের নারায়ণগঞ্জ সদর থানা কমিটির সহ-সম্পাদক মো. রাব্বী সরদারের (২৫) কাছ থেকে একটি সচল রিভলভার উদ্ধার করা হয়েছে। রাব্বী সরদার বিগত কয়েক মাস যাবৎ ঢাকার বিভিন্ন থানা এলাকায় মিছিল ও শেখ হাসিনার পক্ষে ডিএমপিসহ বিভিন্ন জেলায় পোস্টার লাগানোর নেতৃত্বও দেন। রাব্বী সরদার ঢাকা, নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জ, ডিএমপিসহ বিভিন্ন জেলায় ছাত্রলীগ ও যুবলীগের ফ্যাসিস্টদের সঙ্গে যোগাযোগ করে নাশকতামূলক কর্মকাণ্ড ও অস্থিতিশীল পরিবেশ সৃষ্টির পরিকল্পনা করছিলেন।
গ্রেপ্তারকৃত ৩১ জনের মধ্যে মধ্যে সাভার থানায় ৪, আশুলিয়া থানায় ৩, ধামরাই থানায় ১, কেরানীগঞ্জ মডেল থানায় ৬, দক্ষিণ কেরানীগঞ্জ ৮ জন, নবাবগঞ্জ থানায় ৭ ও দোহার থানায় ২ জন গ্রেপ্তার হয়েছেন।