প্রবা প্রতিবেদক
প্রকাশ : ২০ অক্টোবর ২০২৫ ১২:৪৩ পিএম
রাজধানীর যাত্রাবাড়ীর শনির আখড়ায় ছিনতাইকারীর ছুরিকাঘাতে মোঃ রাসেল মিয়া (৩১) নামে এক সিআইডির পুলিশ সদস্য আহত হয়েছেন।
সোমবার (২০ অক্টোবর) ভোর সাড়ে ৫টর দিকে এই ঘটনাটি ঘটে। পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে জরুরি বিভাগে নিয়ে আসা হয়।
তাকে হাসপাতালে নিয়ে আসা মোঃ নুরুল ইসলাম জানান, আজ ভোরের দিকে মোটরসাইকেল যোগে শনির আখড়া দিয়ে যাওয়ার সময় অজ্ঞাত ৩/৪ জন ছিনতাইকারী তার রাস্তা গতিরোধ করে ও ছুরি দিয়ে হাতের বাহুতে আঘাত করে মানিব্যাগ ও মোবাইল নিয়ে পালিয়ে যায়। পরে আমরা খবর পেয়ে তাকে উদ্ধার করে প্রথমে তাকে রাজারবাগ পুলিশ হাসপাতাল নিয়ে যাই। পরে সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেলে নিয়ে আসি।
তিনি আরও জানান, আহত রাসেল মিয়ার বাসা যাত্রাবাড়ীর রইস নগর এলাকায় ভাড়া বাসায় থাকেন। বর্তমানে ঢাকা সিআইডি হেডকোয়ার্টারে কনস্টেবল হিসেবে কর্মরত আছেন তিনি।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মোঃ ফারুক জানান, সকালের দিকে শনির আখড়ায় সিআইডির এক পুলিশ সদস্যকে আহত অবস্থায় ঢাকা মেডিকেলের জরুরি বিভাগে আনা হয়। বিষয়টি আমরা সংশ্লিষ্ট থানায় অবগত করেছি।