হিলি (দিনাজপুর) প্রতিবেদক
প্রকাশ : ২৫ সেপ্টেম্বর ২০২৫ ১১:২৬ এএম
দিনাজপুরের হিলিতে ছেলের লাঠির আঘাতে নূরবানু বেগম (৪৭) নামে এক মায়ের মৃত্যু হয়েছে। এ ঘটনায় ঘাতক ছেলে ওয়াজেদ (২৩) কে গ্রেপ্তার করেছে পুলিশ। নিহত নূরবানু বেগম ওই গ্রামের আবুল হোসেনের স্ত্রী।
বুধবার (২৪ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার পালশা পাঠানপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় প্রথমে হাকিমপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, পরে জয়পুরহাট হয়ে বগুড়া মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয় নূরবানুকে। তবে সেখানে পৌঁছানোর পর বিকেল ৫টার দিকে তার মৃত্যু হয়।
হাকিমপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হক জানান, ছেলে ওয়াজেদ মাদকাসক্ত। নেশা করার জন্য প্রায়ই মায়ের কাছে টাকা দাবি করত। টাকা না পেলে মাকে নিয়মিত মারধর করত। বুধবার দুপুরে মায়ের মাথায় বাঁশের লাঠি দিয়ে আঘাত করলে তিনি গুরুতর আহত হন এবং পরে বিকেল ৫ টার দিকে বগুড়া মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যুবরণ করেন।
ওসি আরও জানান, ঘটনার পর রাতেই ঘাতক ছেলে ওয়াজেদকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে।