জয়পুরহাট প্রতিবেদক
প্রকাশ : ২১ আগস্ট ২০২৫ ২১:২৬ পিএম
প্রবা ফটো।
বৈষম্যবিরোধী আন্দোলনে হত্যা ও হত্যাচেষ্টার দুটি মামলায় জয়পুরহাটের আক্কেলপুর উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি আব্দুর রহিম ওরফে স্বাধীন মাস্টারকে (৫৩) গ্রেপ্তার করা হয়েছে। বৃহস্পতিবার (২১ আগস্ট) দুপুরে আক্কেলপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ।
আব্দুর রহিম স্বাধীন আক্কেলপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক। তিনি আক্কেলপুর পৌরশহরের পুরাতন বাজারের মৃত আছির উদ্দিনের ছেলে।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, আক্কেলপুর উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি ও আক্কেলপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক আব্দুর রহিম ওরফে স্বাধীন জয়পুরহাট সদর থানার দুটি মামলার এজাহারভুক্ত আসামি। এর মধ্যে একটি হত্যা ও অন্যটি হত্যাচেষ্টা মামলা। গত বছরের ৫ আগস্টের পর আব্দুর রহিম স্বাধীন গ্রেপ্তার এড়াতে মেডিকেল ছুটি নিয়ে এলাকার বাইরে ছিলেন। নির্ধারিত ছুটি শেষে তিনি বিদ্যালয়ে যোগদান করেন। বৃহস্পতিবার তিনি বিদ্যালয়ে এসে পাঠদান করছিলেন। এ সংবাদ পেয়ে পুলিশ সকাল ১০টার দিকে বিদ্যালয়ে আসে। এ সময় আব্দুর রহিম প্রধান শিক্ষকের কক্ষে আশ্রয় নেন।
আক্কেলপুর থানার পুলিশ সদস্যদের নিয়ে ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলামও প্রধান শিক্ষকের কক্ষে অবস্থান করেন। দুপুর ২টার দিকে প্রধান শিক্ষক আব্দুর রহিম স্বাধীনকে থানায় নিয়ে যাওয়ার অনুমতি দেন। এরপর আব্দুর রহিম স্বাধীন পুলিশের সঙ্গে প্রধান শিক্ষকের কক্ষ থেকে বেরিয়ে পুলিশের পিকআপ ভ্যানে চড়ে থানায় চলে আসেন। কিছুক্ষণ থানায় রাখার পর তাকে দ্রুত সদর থানায় পাঠানো হয়।
আক্কেলপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল মোমিন বলেন, পাঠাদান শুরুর পর থানার একদল পুলিশ আমাদের বিদ্যালয়ে আসেন। তারা আমাদের বিদ্যালয়ের সমাজবিজ্ঞানের শিক্ষক আব্দুর রহিম স্বাধীনকে বিদ্যালয় থেকে নিয়ে গেছে। কেন নিয়ে গেছে তা আমি বলতে পারব না।
আক্কেলপুর থানার ওসি শফিকুল ইসলাম বলেন, আক্কেলপুর উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি আব্দুর রহিম স্বাধীন মাস্টার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জয়পুরহাট সদর থানার একটি হত্যা ও অন্যটি হত্যাচেষ্টা মামলার আসামি। তাকে বিদ্যালয় থেকে গ্রেপ্তার করে জয়পুরহাট সদর থানায় পাঠিয়েছি।
জয়পুরহাট থানার ওসি তামবিরুল ইসলাম বলেন, আব্দুর রহিম স্বাধীনের নামে দুটি মামলা রয়েছে। একটি থানা পুলিশ ও আরেকটি ডিবি পুলিশ তদন্ত করছে। তাকে বৃহস্পতিবার বিকালে আদালতে পাঠানো হয়েছে।