সিলেট অফিস
প্রকাশ : ১৩ আগস্ট ২০২৫ ১৩:৩৮ পিএম
প্রতীকী ছবি
সিলেটে মাদ্রাসায় যাওয়ার পথে এক শিক্ষককে ছুরিকাঘাতে হত্যা করেছে দুর্বৃত্তরা। ঘটনাটি ঘটেছে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ছাত্রাবাস সংলগ্ন বড়গুল এলাকায়। বুধবার (১৩ আগস্ট) সকাল সাড়ে ৯টায় মাদ্রাসায় যাওয়ার পথে মাওলানা জুবায়ের আহমেদ নামে ওই শিক্ষককে হত্যা করা হয়।
এ তথ্য নিশ্চিত করে সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপ কমিশনার (গণমাধ্যম) মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য ওসমানী হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
নিহতের পরিবারের বরাত দিয়ে ওই পুলিশ কর্মকর্তা জানান, মাদ্রাসায় যাওয়ার পথে নয়ন আহমদ নামে এক নিকটাত্মীয় তাকে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে। এতে গুরুতর আহত হলে মুমূর্ষু অবস্থায় তাকে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসকরা জুবায়েরকে মৃত ঘোষণা করেন।
নিহত শিক্ষকের পরিবার ও সহকর্মীরা জানান, বাকবিতণ্ডার জেরে জুবায়েরকে হত্যা করা হয়েছে। এর আগে মঙ্গলবার সন্ধ্যায় সিলেট সদর উপজেলার খাদিমনগর জাতীয় উদ্যানের পাশে আজাদুর রহমান নামে এক যুবককে কুপিয়ে হত্যা করা হয়। গত ৭ আগস্ট ক্বিনব্রিজ এলাকায় খুন হন ডালিম আহমদ নামে আরেক যুবক। আর গত শনিবার মধ্যরাতে গোলাপগঞ্জের কদমতলা এলাকায় ছুরিকাঘাতে খুন হন যুবদলকর্মী রনি হোসাইন।