খুলনা অফিস
প্রকাশ : ০৯ আগস্ট ২০২৫ ১২:৫২ পিএম
খুলনার লবণচরা থানাধীন কৃষ্ণনগর এলাকায় দুর্বৃত্তদের ধারালো অস্ত্রের হামলায় রাজ (২৫) নামে এক যুবক গুরুতর আহত হয়েছেন। শুক্রবার (৮ আগস্ট) রাত সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে। আহত রাজ ওই এলাকার বাসিন্দা শাহাজাহান শেখের ছেলে।
স্থানীয়দের বরাতে জানা গেছে, মাদক কারবার নিয়ন্ত্রণকে কেন্দ্র করে রাজের সঙ্গে প্রতিপক্ষ হালিম ও বাবুর দীর্ঘদিনের বিরোধ চলে আসছিল। এ বিরোধের জেরে তারা রাজকে হত্যার পরিকল্পনা করে তারা। শুক্রবার রাতে সুযোগ পেয়ে দুইজন ধারালো চাপাতি ও রামদা দিয়ে রাজের শরীরের একাধিক স্থানে আঘাত করে।
তার চিৎকার শুনে স্থানীয়রা এগিয়ে এলে হামলাকারীরা দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। গুরুতর আহত অবস্থায় রাজকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখান থেকে রাতেই উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়। তবে শারীরিক অবস্থা উন্নতি হলে পরবর্তীতে পরিবারের সদস্যরা তাকে খুলনায় ফিরিয়ে আনেন।
লবণচরা থানার অফিসার ইনচার্জ (ওসি) তৌহিদুজ্জামান বলেন, মাদক কারবার নিয়ন্ত্রণ নিয়ে বিরোধের জেরে রাজের ওপর হামলা চালানো হয়েছে। আহতের পরিবার হালিম ও বাবুর নাম উল্লেখ করে থানায় মামলা করেছে। আসামিদের গ্রেপ্তারের জন্য পুলিশ বিভিন্ন স্থানে অভিযান চালাচ্ছে।