প্রবা প্রতিবেদক
প্রকাশ : ২৮ অক্টোবর ২০২৪ ১৫:০৫ পিএম
আপডেট : ২৮ অক্টোবর ২০২৪ ১৫:৫০ পিএম
সিআইডির সঙ্গে গ্রেপ্তার ফজলে হাসান অনিক। ছবি : সংগৃহীত
প্রেমিকার খরচ চালাতে হ্যাকিংয়ের পথ বেছে নেন বেসরকারি বিশ্ববিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থী ফজলে হাসান অনিক। দুই বছর ধরে ফেসবুক-মেসেঞ্জারে লিংক পাঠিয়ে আইডি হ্যাক করে ব্যক্তিগত ছবি-ভিডিও নিয়ে ব্ল্যাকমেইল করে লাখ লাখ টাকা হাতিয়ে নেন তিনি। ভুক্তভোগী কয়েক নারীর অভিযোগে রাজধানীর উত্তরা থেকে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) গ্রেপ্তার করেছে এ প্রতারককে।
সোমবার (২৮ অক্টোবর) দুপুরে রাজধানীর মালিবাগে সিআইডি হেডকোয়ার্টারে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান সাইবার পুলিশ সেন্টারের ডিআইজি এস এন মো. নজরুল ইসলাম।
সংবাদ সম্মেলনে জানানো হয়, নাটোরের বড়াইগ্রামে বেড়ে ওঠা অনিক এসএসসি ও এইচএসসিতে পেয়েছিলেন এ প্লাস। ইঞ্জিনিয়ারিং বিষয় নিয়ে ভর্তি হন একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে। পরে আরেক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীর প্রেমে পড়ে প্রেমিকার পকেট খরচ চালাতে বেছে নেন হ্যাকিংয়ের পথ।
ফেসবুকে বিভিন্ন লিংক পাঠিয়ে আইডি হ্যাক করে ব্যক্তিগত ছবি-ভিডিও নিয়ে ব্ল্যাকমেইল শুরু করেন অনিক। দুই বছরে প্রায় ৫০টি ফেসবুক আইডি হ্যাক করে ১৫ ভুক্তভোগীকে হয়রানি করে হাতিয়ে নেন লাখ লাখ টাকা।
যার টার্গেটই ছিল বিশ্ববিদ্যালয়ের নারী শিক্ষার্থীরা।
এমন অপরাধের দায়ে ভুক্তভোগী কয়েকজনের নারীর অভিযোগে রাজধানীর উত্তরা থেকে সিআইডির জালে ধরা পড়ে এ হ্যাকার।
সংবাদ সম্মেলনে আরও জানানো হয়, হ্যাকার ভুক্তভোগী থেকে বিকাশ-নগদে টাকা না নিয়ে বিভিন্ন শপিং করে ও ক্রিপ্টোকারেন্সির মাধ্যমে টাকা নিতেন।
এ সময় সোশ্যাল মিডিয়ায় সংবেদনশীল ছবি-ভিডিও না দেওয়ার অনুরোধ জানিয়ে আন ওয়ান্টেড লিংকে ক্লিক করতে নিষেধ করে সিআইডি।
সাইবার নিরাপত্তার এমন ঘটনায় চুপ না থেকে ভুক্তভোগীদের কোর্টে পিটিশন দায়ের করে মামলা করার পরামর্শ দেওয়া হয়েছে সিআইডির পক্ষ থেকে।