বেনাপোল (যশোর) প্রতিবেদক
প্রকাশ : ২৫ মে ২০২৪ ২২:১৩ পিএম
আপডেট : ২৫ মে ২০২৪ ২২:৩৪ পিএম
ভারতে কারাভোগ শেষে দেশে ফেরা তিন নারী। প্রবা ফটো
ভারতে ১৮ মাস কারাভোগ শেষে বিশেষ ভ্রমণ অনুমোদনের মাধ্যমে বেনাপোল চেকপোস্ট দিয়ে দেশে ফিরেছেন তিন বাংলাদেশি নারী।
ভারতের পেট্রাপোল ইমিগ্রেশন পুলিশ শনিবার (২৫ মে) সন্ধ্যায় তাদের বেনাপোল ইমিগ্রেশন পুলিশ কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করে।
ফেরত আসারা হলেন, তামান্না আক্তার, মাহমুদা আক্তার ও মৌসুমী দাস। তারা ময়মনসিংহ, ঢাকা ও খুলনা জেলার বাসিন্দা।
বেনাপোল ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজহারুল ইসলাম বলেন, ‘তারা পাসপোর্ট ভিসা ছাড়াই সীমান্ত দিয়ে ভারতে গিয়ে হায়দরাবাদ শহরের বিভিন্ন বাসাবাড়িতে কাজ করার সময় সে দেশের পুলিশের কাছে আটক হন। পরে কারাভোগ শেষে একটি এনজিও তাদের ছাড়িয়ে নিজেদের আশ্রয়ে রাখে। দেশে ফেরার পর ইমিগ্রেশনের আনুষ্ঠানিকতা শেষে তাদের বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হয়েছে।’
বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুমন ভক্ত জানান, ফেরত আসাদের পরিবারের কাছে হস্তান্তর করার জন্য থানা থেকে হেফাজতে নিয়েছে জাস্টিস অ্যান্ড কেয়ার নামে একটি বেসরকারি সংস্থা।