কক্সবাজার প্রতিবেদক
প্রকাশ : ২০ মে ২০২৪ ১২:২৫ পিএম
আপডেট : ২০ মে ২০২৪ ১২:৩৩ পিএম
পুলিশি হেফাজতে অস্ত্রসহ গ্রেপ্তার মোর্শেদ আলম। প্রবা ফটো
কক্সবাজারের টেকনাফে পাহাড়কেন্দ্রিক অপহরণকারী চক্রের বাহিনীপ্রধান মোর্শেদ আলমকে অবশেষে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে পুলিশ। এ সময় জব্দ করা হয়েছে দুটি দেশীয় তৈরি অস্ত্র ও গুলি।
সোমবার (২০ মে) ভোরে টেকনাফের বাহারছড়া ইউনিয়নের শীলখালী পাহাড়ি এলাকার আস্তানায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছেন বাহারছড়া পুলিশ তদন্ত কেন্দ্রের পরিদর্শক (এসআই) দস্তগীর হোসাইন।
গ্রেপ্তার মোর্শেদ আলম টেকনাফের বাহারছড়া এলাকার বাসিন্দা। তার বিরুদ্ধে অস্ত্র, ডাকাতি, অপহরণসহ ৮টি মামলা রয়েছে বলে জানিয়েছেন এসআই দস্তগীর হোসাইন।
তিনি জানান, গত ২১ মার্চ থেকে ২৭ মার্চ পর্যন্ত টেকনাফের হ্নীলা, হোয়াইক্যং ইউনিয়ন থেকে ১৫ জনকে অপহরণ করা হয়। পরে পুলিশ অভিযান চালিয়ে অপহরণে সরাসরি জড়িত ২ জনকে অস্ত্রসহ গ্রেপ্তার করে। গ্রেপ্তারদের থেকে পাওয়া তথ্যে পুলিশ জানতে পারে পাহাড়কেন্দ্রিক অপহরণকারী চক্রের ১৫ জনের একটি বাহিনী রয়েছে। আর সেই বাহিনীপ্রধান মোর্শেদ। এরপর থেকে মোর্শেদকে গ্রেপ্তারে তৎপর হয় পুলিশ। এরই জের ধরে পুলিশ তাকে গ্রেপ্তার করে।
টেকনাফ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ ওসমান গনি জানিয়েছেন, কিছু সংখ্যক রোহিঙ্গাদের নিয়ে একটি বাহিনী রয়েছে সন্ত্রাসী মোর্শেদের। যারা পাহাড়ের গহিনে নানা স্থানে আস্তানা তৈরি করে অপহরণসহ নানা অপরাধ করে আসছিল। মোর্শেদকে সংশ্লিষ্ট মামলায় রিমান্ডের আবেদন করে আদালতে পাঠানো হয়েছে। রিমান্ড মঞ্জুর হলে তাকে জিজ্ঞাসাবাদ করে আরও তথ্য সংগ্রহ করা হবে।
পুলিশের দেওয়া তথ্য বলছে, গত ২০২৩ সালের মার্চ থেকে ২০২৪ সালের ২ মে পর্যন্ত টেকনাফের বিভিন্ন এলাকা থেকে ১২৪ জনকে অপহরণের ঘটনা ঘটেছে। এর মধ্যে ৬৬ জন স্থানীয় বাসিন্দা, ৫৮ জন রোহিঙ্গা নাগরিক। অপহরণের স্বীকার পরিবারের তথ্য বলছে, অপহরণের শিকার ব্যক্তিদের মধ্যে অন্তত ৫৩ জন মুক্তিপণ দিয়ে ছাড়া পেয়েছে।