প্রবা প্রতিবেদক, বরিশাল
প্রকাশ : ১৮ মে ২০২৪ ১৭:২২ পিএম
আপডেট : ১৮ মে ২০২৪ ১৮:১৬ পিএম
শনিবার বরিশাল শহীদ আবদুর রব সেরনিয়াবাত স্টেডিয়ামের চলমান উন্নয়ন কার্যক্রম পরিদর্শন করেন পানিসম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক শামীম। প্রবা ফটো
বরিশাল শহীদ আবদুর রব সেরনিয়াবাত স্টেডিয়ামের চলমান উন্নয়ন কার্যক্রম শেষ হলে অচিরেই আন্তর্জাতিক ক্রিকেট আসর বসবে বলে জানিয়েছেন পানিসম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক শামীম।
শনিবার (১৮ মে) সকালে বরিশাল স্টেডিয়ামের চলমান উন্নয়ন কার্যক্রম পরিদর্শনকালে এ আশাবাদ ব্যক্ত করেন তিনি।
প্রতিমন্ত্রী বলেন, ‘বরিশাল স্টেডিয়ামকে একটি আন্তর্জাতিক মানের স্টেডিয়ামে পরিণত করার কার্যক্রম চলছে। এই কার্যক্রমের অগ্রগতি পরিদর্শন এবং আধুনিক মানের ক্রিকেট পিচ নির্মাণের লক্ষ্যে একজন বিশেষজ্ঞের পরামর্শ অনুযায়ী কাজ চলমান। পিচ নির্মাণসহ আধুনিকায়ন কাজ শেষ হলে বরিশাল স্টেডিয়াম আন্তর্জাতিক ক্রিকেট খেলার উপযোগী হবে।’
জাহিদ ফারুক বলেন, ‘ক্রিকেটের মাধ্যমে বিশ্বে বাংলাদেশ আলাদাভাবে পরিচিতি পেয়েছে। তেমনিভাবে এবারে বরিশালের পরিচিতি পেয়েছে সারা দেশে। সে মর্যাদায় রক্ষায় আমরা সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাব।’
তিনি বলেন, ‘জাতীয় পর্যায় বরিশালের ছেলেরা যেন বেশি সংখ্যক খেলতে পারে স্থানীয় সংগঠকদের সে চেষ্টা করতে হবে। স্মার্ট বাংলাদেশ নির্মাণে খেলাধুলার মাধ্যমে তরুণ সমাজকে দেশপ্রেমে উজ্জীবিত করতে হবে।’
স্টেডিয়ামের চলমান উন্নয়ন কার্যক্রম প্রায় শেষ পর্যায়ে। আন্তর্জাতিক মানের মাঠ তৈরির লক্ষ্যে ঘাস লাগানো হয়েছে। মাঠের রক্ষণাবেক্ষণ, সঠিক পরিচর্যাসহ মাঠ ব্যবস্থাপনায় সংশ্লিষ্টদের নানা নির্দেশনা দেন তিনি।
পরিদর্শনকালে বরিশাল বিভাগীয় ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতি আসাদুজ্জামান খসরু, জেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব মঞ্জুরুল আহসান ফেরদৌস, বিসিবির কাউন্সিলর প্রদীপ কুমার গাঙ্গুলী, জাতীয় ক্রীড়া পরিষদের প্রকল্প পরিচালক প্রকৌশলী শিবু লাল খাসকেল প্রমুখ উপস্থিত ছিলেন।