উপজেলা নির্বাচন
নারায়ণগঞ্জ প্রতিবেদক
প্রকাশ : ১৬ মে ২০২৪ ১৭:৫৫ পিএম
বৃহস্পতিবার দায়িত্ব থেকে অব্যাহতি পাওয়া পোলিং অফিসার সাঈদুর রহমান। প্রবা ফটো
নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলায় চেয়ারম্যান প্রার্থী সাইফুল ইসলাম স্বপনের পক্ষে নির্বাচনী প্রচারণা চালানোর অভিযেগে এক পোলিং অফিসারকে কারণ দর্শানোর নোটিশের পর দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (১৬ মে) তাকে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়। অব্যাহতি পাওয়া পোলিং অফিসার সাঈদুর রহমান ২৫ নম্বর চৈতনকান্দা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক।
সহকারী রিটার্নি অফিসার ও উপজেলা নির্বাহী কর্মকর্তা ইশতিয়াক আহমেদ প্রতিদিনের বাংলাদেশকে বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, একজন ভোটগ্রহণ কর্মকর্তা কোনভাবেই নির্বাচনী প্রচারণায় অংশ নিতে পারেন না। তাকে কারণ দর্শানোর নোটিশ দেওয়ার পর বৃহস্পতিবার (১৬ মে) দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। অব্যাহতি ছাড়াও তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে।
এ বিষয়ে জানতে চাইলে অভিযুক্ত পোলিং অফিসার সাঈদুর রহমান বলেন, চেয়ারম্যান প্রার্থী সাইফুল ইসলাম স্বপন আমার আত্মীয়। তিনি আমার বাড়িতে গিয়েছিলেন । এ সময় কেউ ছবি তুলে ফেইসবুকে পোস্ট করেছে। বৃহস্পতিবার সকালে আমি উপজেলা নির্বাচন অফিসে গিয়ে নিজেই অব্যাহতি নিয়ে এসেছি।