ফরিদপুর প্রতিবেদক
প্রকাশ : ১৬ মে ২০২৪ ১১:৩৪ এএম
আপডেট : ১৬ মে ২০২৪ ১১:৫৩ এএম
ফায়ার সার্ভিসের ১৫ মিনিটের চেষ্টায় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে লাগা আগুন নিয়ন্ত্রণে আসে। প্রবা ফটো
ফরিদপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে অগ্নিকাণ্ড ঘটেছে। বৃহস্পতিবার (১৬ মে) সকাল ৯টার দিকে হাসপাতালটির নতুন ভবনের দ্বিতীয় তলার স্টোররুমে এ ঘটনা ঘটে।
স্থানীয় ও হাসপাতাল সূত্রে জানা গেছে, দ্বিতীয় তলার স্টোররুম থেকে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে এবং ধোঁয়ায় আশপাশ অন্ধকার হয়ে যায়। ফায়ার সার্ভিসের কয়েকটি টিম কাজ করে ১৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনে।
ফরিদপুর ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক মো. আসাদুজ্জামান বলেন, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ১৫ মিনিটের মধ্যে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। তবে ক্ষয়ক্ষতির পরিমাণ প্রাথমিকভাবে নির্ধারণ করা যায়নি। হাসপাতালের সিঁড়ি ছোট থাকায় আগুন নিয়ন্ত্রণ আনতে বেগ পেতে হয়।
ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালের উপপরিচালক দীপক কুমার প্রতিদিনের বাংলাদেশকে বলেন, হঠাৎ হাসপাতালটির দ্বিতীয় তলার স্টোররুমে আগুন লাগে। পরে তা দ্রুত ছড়িয়ে পড়ে এবং ধোঁয়ায় অন্ধকার সৃষ্টি হয়। স্টোররুমটিতে হাসপাতালের ওষুধপত্র, যন্ত্রপাতি, ফ্রিজসহ নানা সরঞ্জাম রয়েছে। প্রাথমিকভাবে ক্ষতির পরিমাণ নির্ণয় করা যায়নি।
এদিকে আগুন লাগার খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন ফরিদপুর জেলা প্রশাসক মো. কামরুল আহসান তালুকদার ও পুলিশ সুপার মো. মোরশেদ আলম।
জেলা প্রশাসক বলেন, অল্প সময়ের মধ্যে প্রতিষ্ঠানটিতে দুবার আগুনের ঘটনা ঘটল। বিষয়টি খতিয়ে দেখতে তদন্ত কমিটি গঠন করা হয়েছে।