প্রবা প্রতিবেদক
প্রকাশ : ১৫ মে ২০২৪ ২২:১৩ পিএম
আপডেট : ১৫ মে ২০২৪ ২২:২০ পিএম
এমপি হাফিজ মল্লিক। প্রবা ফটো
নিজের ভুলের জন্য লজ্জা প্রকাশ করে নিঃশর্ত ক্ষমা চাওয়ায় এমপি হাফিজ মল্লিককে অভিযোগ থেকে অব্যাহতি দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। বুধবার (১৫ মে) নির্বাচন ভবনে শুনানি শেষে সাংবাদিকদের এই তথ্য জানান নির্বাচন কমিশন সচিবালয়ের অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ।
তিনি বলেন, বরিশাল-৬ আসনের এমপি আবদুল হাফিজ মল্লিক গত ৮ মে অনুষ্ঠিত উপজেলা নির্বাচনে প্রকাশ্যে ভোট দিয়েছিলেন। কমিশন শুনানি করেছেন। এতে উনি ভুল স্বীকার করেছেন। লজ্জিত হয়েছেন এবং নিঃশর্ত ক্ষমা প্রার্থনা করেছেন। ভবিষ্যতে এ ধরনের কাজ করবেন না বলে অঙ্গীকার করেছেন।
অশোক কুমার দেবনাথ বলেন, তার ক্ষমা চাওয়ার বিষয়টা আমলে নিয়ে তাকে অভিযোগের দায় থেকে অব্যাহতি দিয়েছেন কমিশন।
শুনানি শেষ হাফিজ মল্লিক সাংবাদিকদের বলেন, অবশ্যই এরপর থেকে সতর্ক থাকবে। আমি ভুল করে করেছি সেটা আমি স্বীকার করেছি। এতে কোনো সন্দেহ নেই।
শ্রীপুরে চেয়ারম্যান পদে প্রার্থিতা বাতিল
এদিকে নির্বাচনী আচরণবিধি ভঙ্গের দায়ে শ্রীপুর উপজেলার চেয়ারম্যান পদে মো. জামিল হাসানের প্রার্থিতা বাতিল করেছে নির্বাচন কমিশন (ইসি)।
বুধবার নির্বাচন ভবনে শুনানি শেষে অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ বলেন, গাজীপুর জেলার শ্রীপুর উপজেলা নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. জামিল হাসানের প্রার্থিতা বাতিল করেছে কমিশন। প্রার্থীর শুনানি শেষে নির্বাচন কমিশন এ সিদ্ধান্ত দেয়।
বারবার নির্বাচনী আচরণবিধি ভঙ্গ করায় তার বিরুদ্ধে এই সিদ্ধান্ত নিয়েছে কমিশন।