চট্টগ্রাম অফিস
প্রকাশ : ১৪ মে ২০২৪ ১৮:৫৪ পিএম
আপডেট : ১৪ মে ২০২৪ ১৮:৫৬ পিএম
মঙ্গলবার যুক্তরাষ্ট্রের ফ্যাকশন হোল্ডিংস করপোরেশনের সঙ্গে চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) সমঝোতা স্মারক চুক্তি স্বাক্ষরিত হয়েছে। প্রবা ফটো
স্মার্ট চট্টগ্রাম সিটি নির্মাণের বিষয়ে যুক্তরাষ্ট্রের ফ্যাকশন হোল্ডিংস করপোরেশনের সঙ্গে চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) সমঝোতা স্মারক চুক্তি স্বাক্ষরিত হয়েছে।
মঙ্গলবার (১৪ মে) চসিক সম্মেলন কক্ষে চট্টগ্রাম সিটি মেয়র বীর মুক্তিযোদ্ধা মো. রেজাউল করিম চৌধুরীর উপস্থিতিতে এই সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়।
চসিকের পক্ষে প্রধান নির্বাহী কর্মকর্তা শেখ মুহম্মদ তৌহিদুল ইসলাম এবং ফ্যাকশন হোল্ডিংস করপোরেশনের পরিচালক ম্যাক্স গারজা চুক্তিতে স্বাক্ষর করেন।
এসময় চসিক মেয়র রেজাউল করিম চৌধুরী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে স্মার্ট বাংলাদেশ গড়ার পরিকল্পনা নিয়েছেন তা বাস্তবায়নে চট্টগ্রামকে ঘিরে নানা কাজ হচ্ছে। এরই অংশ হিসেবে আজকের সমঝোতা স্মারক স্বাক্ষরিত হল।
ফ্যাকশন হোল্ডিংস করপোরেশনের পরিচালক ম্যাক্স গারজা বলেন, ‘স্মার্ট চট্টগ্রাম গড়তে হলে শিশুদের জন্য শিক্ষা ব্যবস্থা ও শিক্ষা অবকাঠামোকে স্মার্ট হিসেবে গড়তে হবে। এক্ষেত্রে ফ্যাকশন হোল্ডিংস করপোরেশনের অভিজ্ঞতা ও সক্ষমতা চট্টগ্রামকে এগিয়ে নিবে। এজন্য আমরা ফিজিবিলিটি স্টাডি করে প্রযুক্তি ও কৃত্তিম বুদ্ধিমত্তাকে কাজে লাগিয়ে শিক্ষা, স্বাস্থ্য ও পরিবহনখাতসহ নগরসেবা ও নগর উন্নয়নের মাধ্যমে চট্টগ্রামকে একটি স্মার্ট নগরী হিসেবে গড়তে চসিকের সঙ্গে কাজ করতে চাই।’
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ হাই-টেক পার্ক কর্তৃপক্ষের সাবেক ব্যবস্থাপনা পরিচালক এবং এফবিসিসিআই ইনোভেশন অ্যান্ড রিসার্চ সেন্টারের প্রধান নির্বাহী কর্মকর্তা ডা. বিকর্ণ কুমার ঘোষ, কাউন্সিলর আবুল হাসনাত মো. বেলাল, প্রধান রাজস্ব কর্মকর্তা নজরুল ইসলাম, মেয়রের একান্ত সচিব আবুল হাশেম, চসিকের আইন কর্মকর্তা জসিম উদ্দিন, প্রধান শিক্ষা কর্মকর্তা সাইফুল ইসলাম, স্পেশাল ম্যাজিস্ট্রেট মনীষা মহাজন, তত্ত্বাবধায়ক প্রকৌশলী জসিম উদ্দিন, নির্বাহী প্রকৌশলী আশিকুল ইসলাম, ফারজানা মুক্তা, তাসমিয়া তাহসিন, রিফাতুল করিম প্রমুখ।