টাঙ্গাইল প্রতিবেদক
প্রকাশ : ১৩ মে ২০২৪ ১৫:৩৯ পিএম
আপডেট : ১৩ মে ২০২৪ ১৬:১৯ পিএম
প্রতীকী ছবি।
টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলায় গরুবাহী ট্রাকের ধাক্কায় অবসরপ্রাপ্ত এক পুলিশ কনস্টেবল নিহত হয়েছেন। সোমবার (১৩ মে) বেলা ১১টার দিকে উপজেলার ভূঞাপুর-তারাকান্দি সড়কের অর্জুনা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত পুলিশ সদস্য আলাউদ্দিন খান উপজেলার অর্জুনা গ্রামের মৃত মাজম আলীর ছেলে।
স্থানীয়রা জানান, নিহত আলাউদ্দিন স্থানীয় অর্জুনা উপস্বাস্থ্যকেন্দ্র থেকে সড়কের পাশ দিয়ে বাড়ি যাচ্ছিলেন। এ সময় একটি গরুবাহী ট্রাক তাকে ধাক্কা দেয়। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। হাসপাতালের চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য টাঙ্গাইল হাসপাতালে পাঠায়। টাঙ্গাইল যাওয়ার পথে তিনি মারা যান।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. খাদেমুল ইসলাম জানান, সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত ব্যক্তিকে হাসপাতালে আনা হয়েছিল। তার শারীরিক অবস্থা খারাপ হওয়ায় টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠানো হয়। যাওয়ার পথেই তার মৃত্যু হয়েছে বলে জানা গেছে।
ভূঞাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহসান উল্ল্যাহ প্রতিদিনের বাংলাদেশকে জানান, সড়ক দুর্ঘটনায় পুলিশ সদস্য নিহত হওয়ার বিষয়ে কোনো তথ্য জানা নেই।