চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ : ১২ নভেম্বর ২০২২ ২১:৩৩ পিএম
আপডেট : ১২ নভেম্বর ২০২২ ২১:৩৯ পিএম
উইঘুর মুসলিমদের ওপর নির্যাতনের প্রতিবাদে চট্টগ্রামে র্যালি ও সমাবেশ। ছবি: প্রবা
চীনের উইঘুর মুসলিমদের ওপর চালানো নির্যাতনের প্রতিবাদে চট্টগ্রামে সচেতনতামূলক র্যালি ও সমাবেশ করেছে আল ইত্তেহাদ ইসলামিক সংগঠন বাংলাদেশ।
শনিবার (১২ নভেম্বর) বিকালে চট্টগ্রাম নগরীর নিউমার্কেট থেকে র্যালিটি শুরু হয়ে চট্টগ্রাম প্রেস ক্লাবে এসে সমাবেশে মিলিত হন।
চীনে ২২ লাখ তুর্কি ও উইঘুর মুসলিমদের দীর্ঘদিন ধরে গণহত্যা-হত্যা-ধর্ষণ-নির্যাতন-যৌন নিপীড়ন ও জোরপূর্বক আটকে রাখার প্রতিবাদে সমাবেশটি আয়োজন করা হয়।
সমাবেশে উপস্থিত ছিলেন আল ইত্তেহাদ ইসলামী সংগঠন বাংলাদেশের আহ্বায়ক মো. মীর হোসেন, সদস্য সচিব আব্দুল মনসুর, মো. শাহজাহান, সিরাজ আব্দুল্লাহ, মোহাম্মদ ইমতিয়াজ প্রমুখ।
সমাবেশে বক্তারা বলেন, চীনের বন্দিশিবিরে সংখ্যালঘু উইঘুর মুসলিমদের আটকে রেখে নির্যাতন করা হচ্ছে। এমনকি বন্দিশিবির থেকে পালাতে চাওয়াদের সরাসরি গুলি করে হত্যা করা হচ্ছে। চীনের উত্তর পূর্বাঞ্চলীয় শিনজিয়াং প্রদেশের মুসলিম ধর্মাবলম্বী উইঘুর নারীদের জোরপূর্বক শয্যাসঙ্গী করছে চীনের সরকারি কর্মকর্তারা। এসব উইঘুর নারীদের পরিবারের পুরুষ সদস্যদের বিভিন্ন ক্যাম্পে আটকে রেখেছে চীন সরকার। এছাড়াও জনসংখ্যা নিয়ন্ত্রণের নামে চীনের উইঘুর মুসলিম নারীদের জোরপূর্বক জন্ম নিয়ন্ত্রণে বাধ্য করা হচ্ছে। সিনজিয়া প্রদেশে উইঘুর মুসলিম নারীদের জোরপূর্বক গর্ভপাত করানো হচ্ছে। মূলত চীনের দখলকৃত পূর্ব তুর্কিস্তানের চীনের দেওয়া নাম শিনজিয়াং। অঞ্চলটিতে যাতে করে মুসলিম সম্প্রদায় বাড়তে না পারে সে কারণেই নেওয়া হচ্ছে এই ব্যবস্থা।
চীনের উইঘুর মুসলিমদের ওপর চালানো নির্যাতনকে চরম মানবাধিকার লঙ্ঘন দাবি করে জাতিসংঘসহ মুসলিম বিশ্বকে জোরালো ভূমিকা রাখার আহ্বান জানিয়েছে সংগঠনের নেতারা। পাশাপাশি চীনের পণ্য বয়কটের জন্য দেশের ধর্মপ্রাণ মুসলিমদের প্রতি আহ্বান জানানো হয়।