পাবনা প্রতিবেদক
প্রকাশ : ১২ মে ২০২৪ ২২:৫০ পিএম
সংবাদ সম্মেলন করে নির্বাচন থেকে সরে দাঁড়ালেন ভাঙ্গুড়া উপজেলা পরিষদ চেয়ারম্যান প্রার্থী বাকী বিল্লাহ। প্রবা ফটো
পাবনার ভাঙ্গুড়া উপজেলা পরিষদ নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন আনারস প্রতীকের প্রার্থী বর্তমান উপজেলা চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সদস্য বাকী বিল্লাহ। তিনি স্থানীয় সংসদ সদস্য মোকবুল হোসেনের ছেলে চেয়ারম্যান প্রার্থী গোলাম হাসনাইন রাসেলের প্রধান প্রতিদ্বন্দ্বী ছিলেন।
রবিবার (১২ মে) দুপুরে পাবনা প্রেস ক্লাবের অডিটোরিয়ামে এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন বাকী বিল্লাহ।
তিনি বলেন, ‘উপজেলা নির্বাচনে পাবনা-৩ আসনের সংসদ সদস্য মকবুল হোসেনের ছেলে গোলাম হাসনাইন রাসেল উপজেলা চেয়ারম্যান প্রার্থী হয়ে আমার কর্মী-সমর্থকদের ওপর অত্যাচার-নির্যাতন ভয়-ভীতি প্রদর্শন দেখানোর কারণে নির্বাচনে প্রভাব পড়েছে। আমার কর্মী-সমর্থকরা ঘর থেকে বের হতে পারছে না। এমপিপুত্র রাসেল ভাঙ্গুড়া পৌরসভার মেয়র পদ থেকে পদত্যাগ করে উপজেলা চেয়ারম্যান প্রার্থী হয়েছেন। বাবা এমপি আর ছেলে উপজেলা চেয়ারম্যান হলে আমাদের মতো দীর্ঘদিনের বঙ্গবন্ধুর আদর্শের পরিক্ষিত ব্যক্তির জন্য জায়গা কোথায়?’
বাকী বিল্লাহ আরও বলেন, ‘এমপি মকবুল হোসেন ও তার ছেলে রাসেল রাজনীতিকে পরিবর্তন করে ফেলেছে। বঙ্গবন্ধু হত্যার বিচার চাইতে এগিয়ে গ্রেপ্তার হয়ে জেল খেটেছি, বারবার লাঞ্ছিত হয়েছি। তখন এমপি মকবুল ও তার ছেলে রাসেলের রাজনীতির কি পরিচয় ছিল? মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশ দিয়েছেন– এমপির স্ত্রী-সন্তানরা উপজেলা নির্বাচন করতে পারবে না। তারপরও সেই ঘোষণা উপেক্ষা করে নির্বাচন করছে রাসেল।’
নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়ে তিনি বলেন, ‘গত সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী নির্বাচন করায় কিছু আওয়ামী লীগ নেতাকর্মীর ওপর নির্যাতন করা হয়েছে। থানায় এসবের অভিযোগ দিয়েও লাভ হয়নি। আমার কর্মী-সমর্থকদের ওপর হামলা মামলা এবং ভয়-ভীতি প্রদর্শনের কারণে তারা হতাশাগ্রস্ত হয়ে পড়েছে। এমন পরিস্থিতিতে আমার পক্ষে নির্বাচন করা সম্ভব না। তাই নির্বাচন থেকে সরে দাঁড়ালাম।’
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ভাঙ্গুড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি লোকমান হোসেন, উপজেলা আওয়ামী লীগ নেতা গোলাম মোস্তফা, হাসিনুর ইসলাম, নুরুল ইসলাম প্রমুখ।
উল্লেখ্য, আগামী ২১ মে পাবনার ভাঙ্গুড়া উপজেলা পরিষদ নির্বাচনের ভোটগ্রহণ হবে। চেয়ারম্যান পদে প্রার্থী হয়েছেন বর্তমান উপজেলা চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সদস্য বাকী বিল্লাহ (আনারস), উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক মেয়র গোলাম হাসনাইন রাসেল (মোটরসাইকেল) ও পাবনা জেলা কৃষক লীগের সহসভাপতি বীর মুক্তিযোদ্ধা মেজবাহুর রহমান রোজ (ঘোড়া)।