ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিবেদক
প্রকাশ : ০৩ মে ২০২৪ ১৪:১৬ পিএম
আপডেট : ০৩ মে ২০২৪ ১৪:৪০ পিএম
ফুলবাড়ী রেলক্রসিং গেট। প্রবা ফটো
দিনাজপুরের ফুলবাড়ীতে গেটম্যানের অসাবধানতায় রেলক্রসিংয়ে অল্পের জন্য রক্ষা পেল দুটি পণ্যবাহী ট্রাক ও বেশকিছু যানবাহনসহ পথচারীরা।
শুক্রবার (৩ মে) ভোর ৫টা ১৫ মিনিটে খুলনা থেকে ছেড়ে আসা চিলাহাটিগামী সীমান্ত এক্সপ্রেস ট্রেনটি ফুলবাড়ী স্টেশন থেকে ছেড়ে পার্বতীপুর জংশন অভিমুখে যাওয়ার পথে ব্যস্ততম রেলগেটে এ ঘটনা ঘটে।
জানা যায়, সেই গেটম্যানের নাম মো. রাহিদ রাহী। তার বাসা জয়পুরহাটের আক্কেলপুর উপজেলায়। ঘটনার পর থেকে তাকে আর রেলগেট এলাকায় দেখা যায়নি। অপর গেটম্যান তার দায়িত্ব পালন করছেন।
সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া একটি ভিডিওতে দেখা যায়, একটি ট্রেন রেলগেটটি অতিক্রম করে ইঞ্জিনসহ তিনটি বগি অতিক্রম করার পরে তাড়াহুড়ো করে ঘুম চোখে গেটে ব্যারিয়ার ফেলছেন গেটম্যান। মুহুর্তে আতঙ্ক ছড়িয়ে পড়ে। তবে অল্পের জন্য দুর্ঘটনার হাত থেকে বেঁচে যায় বড় দুটি পণ্যবাহী ট্রাক, অটোরিকশাসহ পথচারীরা। ভিডিওটি মুহুর্তে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হলে সমালোচনার ঝড় ওঠে।
ভিডিওধারণকারী কলেজ শিক্ষার্থী পারভেজ হাসান প্রতিদিনের বাংলাদেশকে বলেন, ‘রেলগেটে আমার দোকান আছে। ভোরে আমি দোকান খুলে বসে থাকার সময় দেখতে পারি, ট্রেন আসছে, সড়কে যানবাহন চলাচল করছে অথচ রেলক্রসিংয়ে গেট ফেলা হয়নি। আমি আমার ফোনের ভিডিও চালু করে দৌঁড়ে গেটের কাছে যাওয়ার সময় দেখি ঘুম চোখে তাড়াহুড়ো করে গেটম্যান তার শয়নকক্ষ থেকে বেড়িয়ে গেটে ব্যারিয়ার ফেলছে। ততক্ষণে ট্রেনটির ইঞ্জিনসহ তিনটি বগি রেলক্রসিং অতিক্রম করেছিল।’
প্রত্যক্ষদর্শী আরেক পথচারী বলেন, ট্রেনের ইঞ্জিনসহ কয়েকটি বগি রেলক্রসিং করার পর গেটকিপার দৌঁড়ে এসে গেট ফেলায়। এতে গেটকিপারের দায়িত্বে অবহেলার কারণে অল্পের জন্য বড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেয়েছে অনেকে। এ ধরণের অসাবধান মানুষকে এতো গুরুত্বপূর্ণ দায়িত্ব দেওয়া ঠিক না।
গেটম্যান মো. রাহিদ রাহীকে খুঁজে না পাওয়ায় তার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।
এ বিষয়ে ফুলবাড়ী স্টেশনের দায়িত্বরত স্টেশন মাস্টার টুটুল সরকার প্রতিদিনের বাংলাদেশকে বলেন, ‘গত বৃহস্পতিবার বিকাল ৪টা থেকে শুক্রবার সকাল ১০টা পর্যন্ত বিশ্বনাথ কয়াল স্টেশন মাস্টারের দায়িত্ব পালন করেছেন। আমি সকাল ১০টায় বিশ্বনাথ কয়ায়ের কাছ থেকে দায়িত্ব গ্রহণ করি। আমার দায়িত্বগ্রহণের পূর্বে কি ঘটেছে তা আমার জানা নেই। তবে এমনি কোনো ঘটনা ঘটে থাকলে তা দুঃখজনক।’ পাকশী বিভাগীয় রেলওয়ে ব্যবস্থাপক নূর মোহাম্মদ বলেন, ‘বিষয়টি আমার জানা নেই। খোঁজখবর নেওয়া হচ্ছে। তদন্তে এ ঘটনায় যদি কারো দায়িত্বে অবহেলা থাকে, তবে তার বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।’