টেকনাফ (কক্সবাজার) প্রতিবেদক
প্রকাশ : ২১ মার্চ ২০২৪ ২০:১৬ পিএম
আপডেট : ২১ মার্চ ২০২৪ ২২:২৩ পিএম
টেকনাফ উপজেলার কায়ুখখালী পাড়া এলাকায় অকটেনসহ জব্দ নোহা গাড়ি। প্রবা ফটো
কক্সবাজার টেকনাফ উপজেলায় ১১টি ড্রামে ৫৭২লিটার অকটেনসহ একটি নোহা গাড়ি জব্দ করেছে র্যাব। এ সময় কাউকে আটক করা সম্ভব হয়নি। জব্দকরা অকটেন মিয়ানমারে পাচার করা হচ্ছিল বলে জানিয়েছে র্যাব।
বৃহস্পতিবার (২১ মার্চ) দুপুরে কক্সবাজার র্যাব-১৫ এর অতিরিক্ত পুলিশ সুপার ও সিনিয়র সহকারী পরিচালক (ল’অ্যান্ড মিডিয়া) মো. আবু সালাম চৌধুরী এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ‘গত বুধবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-সিপিসি-১ টেকনাফ ক্যাম্পের আভিযানিক দল টেকনাফ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের কেকেপাড়া এলাকায় অভিযান চালায়। এ সময় কস্তুরী হোটেল অ্যান্ড রেস্টুরেন্টের সামনে একটি নোহা গাড়িতে তল্লাশি চালিয়ে ১১টি ড্রামে ৫৭২ লিটার অকটেনসহ গাড়িটি জব্দ করা হয়। এ সময় র্যাবের উপস্থিতি টের পেয়ে পাচারকারীরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি। গাড়ির মালিক, চালক এবং পাচারকারীদের শনাক্ত করতে কার্যক্রম অব্যাহত রয়েছে। এই তেল মিয়ানমারে পাচারে জন্য নেওয়া হচ্ছিল।’
তিনি আরও বলেন, ‘জব্দকৃত নোহা গাড়িটিসহ অকটেনগুলো টেকনাফ শুল্ক গুদামে হস্তান্তর করা হয়েছে।’