কুমিল্লা সংবাদদাতা
প্রকাশ : ০৮ নভেম্বর ২০২২ ১৪:২৮ পিএম
আপডেট : ০৮ নভেম্বর ২০২২ ১৪:৪৭ পিএম
আদালত নিয়ে যাওয় হচ্ছে দুই আসামিকে। ছবি : প্রবা
কুমিল্লায় ১০ বছরের শিশুকে ধর্ষণের পর হত্যা মামলায় দুইজনকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত।
কুমিল্লার নারী ও শিশুনির্যাতন দমন ট্রাইব্যুনাল-১-এর বিচারক আবদুল্লাহ আল মামুন মঙ্গলবার (৮ নভেম্বর) বেলা ১১টার দিকে এ রায় ঘেষণা করেন।
সাজাপ্রাপ্তরা হলেন জেলার মনোহরগঞ্জ উপজেলার হাতিমারা গ্রামের বাচ্চু মিয়া ও আমির হামজা।
রায় ঘোষণার সময় আসামিরা আদালতে উপস্থিত ছিলেন।
রাষ্টপক্ষের আইনজীবী প্রদীপ কুমার দত্ত প্রতিদিনের বাংলাদেশকে এই তথ্য নিশ্চিত করেছেন।
এজহারের বরাতে আইনজীবী জানান, ২০১৮ সালের ৫ মার্চ নিহত শিশুর বড় বোনকে ধর্ষণের উদ্দেশ্যে ঘরে প্রবেশ করেন আসামিরা। এসময় বড় বোনকে না পেয়ে ছোট বোনকে ধর্ষণ করেন তারা। বিষয়টি বাবাকে জানিয়ে দেবে বলায় শিশুটিকে কুপিয়ে হত্যা করেন আসামিরা। মরদেহের ময়নাতদন্তে ১৩টি আঘাতের চিহ্ন পাওয়া যায়।
ঘটনার পর শিশুটির বাবা মনোহরগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেন। আসামি বাচ্চু ও আমির হামজাকে গ্রেপ্তার করার পর তারা ম্যাজিস্ট্রেটের কাছে ধর্ষণের পর কুপিয়ে হত্যা করেছেন বলে স্বীকার করেন।
কোর্ট পরিদর্শক মজিবুর রহমান জানান, রায় ঘোষণার সময় আসামিরা আদালতে উপস্থিত ছিলেন। আদালতের আইনি প্রক্রিয়া শেষে তাদের কারাগারে পাঠানো হবে।