সিলেট ব্যুরো
প্রকাশ : ০৭ নভেম্বর ২০২২ ১৮:১২ পিএম
আপডেট : ০৭ নভেম্বর ২০২২ ১৯:০০ পিএম
ছুরিকাঘাতে নিহত বিএনপি নেতা আ ফ ম কামাল।
সিলেটে বিএনপি নেতা আ ফ ম কামালকে গাড়ির ভেতরে শরীরের বাম হাত-পা ও বুকে ২৩ বার ছুরিকাঘাত করা হয়েছে। এতে অতিরিক্ত রক্তক্ষরণে তিনি মারা যান বলে জানিয়েছেন ময়নাতদন্তকারী চিকিৎসক সিলেট ওসমানী মেডিকেল কলেজের ফরেনসিক বিভাগের প্রধান শামসুল ইসলাম।
সোমবার (৭ নভেম্বর) দুপুরে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে জেলা বিএনপির সাবেক স্বাস্থ্যবিষয়ক সম্পাদক কামালের মরদেহের ময়নাতদন্ত সম্পন্ন হয়।
ময়নাতদন্তকারী চিকিৎসক শামসুল ইসলাম বলেন, ‘ধারালো অস্ত্রের আঘাতে অতিরিক্ত রক্তক্ষরণেই মারা গেছেন আ ফ ম কামাল। ময়নাতদন্তে তার শরীরের বামপাশে ২৩টি আঘাতের চিহ্ন পাওয়া গেছে। এর মধ্যে বাম হাত, বুকের বামপাশ, কাঁধের নিচে ও উরুতে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করা হয়। এসব আঘাতের অধিকাংশ গুরুতর ছিল। ফলে দ্রুত অতিরিক্ত রক্তক্ষরণে তিনি মারা গেছেন।’
এ বিষয়ে মহানগর পুলিশের বিমানবন্দর থানার ওসি খান মো. ময়নুল জাকির জানিয়েছেন, ময়নাতদন্তের পর নিহতের ভাই ময়নুল হকের কাছে মরদেহ হস্তান্তর করা হয়েছে। পরে তার মরদেহ গ্রামের বাড়ি সিলেট সদর উপজেলার জালালাবাদ ইউনিয়নের আলীনগর গ্রামে নিয়ে যাওয়া হয়।
সোমবার বাদ এশা মরহুমের জানাজা ও দাফন সম্পন্ন হবে বলে জানিয়েছেন নিহতের ভাই ময়নুল হক।
রবিবার রাত ৯টার দিকে নগরীর বড়বাজারে গাড়ির ভেতরে দুর্বৃত্তরা কামালকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। এ বিষয়ে বিমানবন্দর থানার ওসি বলেন, ‘বড়বাজার এলাকায় আ ফ ম কামাল নিজের প্রাইভেটকারে বসাছিলেন। এ সময় মোটরসাইকেলে আসা দুই দুর্বৃত্ত তাকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। দ্রুত ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পরই তার মৃত্যু হয়।