চট্টগ্রাম সংবাদদাতা
প্রকাশ : ০১ আগস্ট ২০২২ ১৩:৩৩ পিএম
আপডেট : ০১ আগস্ট ২০২২ ১৩:৫৬ পিএম
ফাইল ছবি- সংগৃহীত
চট্টগ্রামে বাস থেকে নেমে আরেক বাসের চাপায় প্রাণ হারিয়েছেন মো. সাইফুল নামে একজন পোশাকশ্রমিক।
সাইফুল চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় কোরীয় রপ্তানি প্রক্রিয়াজাতকরণ অঞ্চলে (কেইপিজেড) একটি পোশাক কারখানার সুপারভাইজার ছিলেন। জেলার বাঁশখালী উপজেলার খানখানাবাদ তার বাড়ি। কর্ণফুলী উপজেলার দৌলতপুর এলাকায় নানাবাড়ি থেকে কারখানায় যেতেন সাইফুল।
প্রত্যক্ষদর্শীরা জানান, রোববার সন্ধ্যায় কারখানার কাজ শেষে কেইপিজেডের ভেতর থেকে বাসে ওঠেন সাইফুল। বাস থেকে বড়উঠান ইউনিয়নের ব্রিকফিল্ড এলাকায় নামেন। নামার সঙ্গে সঙ্গে আরেকটি বাস এসে তাকে পিষে দেয়। তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
আজ সোমবার সকালে বড়উঠান ইউনিয়নের সাত্তার চেয়ারম্যান মাঠে তার জানাজা শেষে লাশ দাফন করা হয়।
সাইফুলের একজন সহকর্মী প্রতিদিনের বাংলাদেশকে বলেন, তিনি ও সাইফুলসহ একদল শ্রমিক কারখানা থেকে বের হয়ে বাসে ওঠেন। সন্ধ্যা সাড়ে ৭টার দিকে সাইফুল ব্রিকফিল্ড এলাকায় বাস থেকে নামেন।
“সঙ্গে সঙ্গে পেছন থেকে আসা আরেকটি বাস চাপা দেয় সাইফুলকে। তখন আমরা কয়েকজনও বাস থেকে নেমে পড়ি। সাইফুলকে হাসপাতালে নিয়ে যাই। সবকিছু চোখের সামনে দেখলাম। চোখের সামনে একজন বন্ধু হারিয়ে গেল।”
পুলিশ বাসটি জব্দ করেছে। তবে চালককে ধরতে পারেনি।
কর্ণফুলী থানার ওসি দুলাল মাহমুদ বলেন, পুলিশ চালককে ধরার চেষ্টা করছে। বাসটি ইতোমধ্যেই জব্দ করা হয়েছে। পরিবারের আবেদনে লাশ ময়নাতদন্ত ছাড়াই হস্তান্তর করা হয়েছে।
প্রবা/টিকে/