চট্টগ্রাম অফিস
প্রকাশ : ০২ মার্চ ২০২৪ ১১:০৯ এএম
আপডেট : ০২ মার্চ ২০২৪ ১১:৩৪ এএম
ব্র্যান্ডিং মেশিনের ভেতর সোনা পাওয়া যায়। প্রবা ফটো
চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে দুই যাত্রীর ব্যাগ তল্লাশি করে ২ কেজি ২২৮ গ্রাম সোনা উদ্ধার করেছেন শুল্ক গোয়েন্দারা। প্রত্যেক যাত্রীর ব্যাগ থেকে ১ কেজি ১১৪ গ্রাম সোনা উদ্ধার করা হয়। এ ঘটনায় দুই যাত্রীকেই আটক করা হয়েছে।
শনিবার (২ মার্চ) সকাল সাড়ে ৬টায় শারজাহ থেকে জি৯-৫২৬ ফ্লাইটে চট্টগ্রামে আসেন ওই দুই যাত্রী।
আটকরা হলেন চট্টগ্রামের পটিয়া উপজেলার মো. শফিকুল ইসলাম ও হাটহাজারী উপজেলার মো. মোরশেদ।
শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের পরিচালক গ্রুপ ক্যাপ্টেন তসলিম আহমেদ প্রতিদিনের বাংলাদেশকে এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, সকালে জি৯-৫২৬ ফ্লাইটে বিমানবন্দরে আসার পর জাতীয় গোয়েন্দা সংস্থা এনএসআই ও শুল্ক গোয়েন্দারা যৌথভাবে দুই যাত্রীর ব্যাগেজ তল্লাশি করেন। এ সময় দুজনের ব্যাগেজে থাকা ব্র্যান্ডিং মেশিনের ভেতর সোনার অস্তিত্ব পাওয়া যায়। দুজনের কাছে দুটি ব্র্যান্ডিং মেশিনের ভেতর ১ কেজি ১১৪ গ্রাম করে মোট ২ কেজি ২২৮ গ্রাম সোনা পাওয়া যায়; যার আনুমানিক বাজারমূল্য ২ কোটি টাকা। আটক দুই যাত্রীর বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে।