বাগেরহাটে দুই গ্রুপের সংঘর্ষ
বাগেরহাট প্রতিবেদক
প্রকাশ : ১৯ ফেব্রুয়ারি ২০২৪ ২১:৩৪ পিএম
আপডেট : ১৯ ফেব্রুয়ারি ২০২৪ ২১:৪৪ পিএম
মোল্লাহাটে ফের সংঘর্ষ এড়াতে এলাকায় এখনও পুলিশ মোতায়েন রয়েছে। প্রবা ফটো
বাগেরহাটের মোল্লাহাটে আধিপত্য বিস্তার কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষে একজন নিহত ও ছয় পুলিশসহ ২৫ জন আহতের ঘটনায় পৃথক দুটি মামলা হয়েছে। সোমবার (১৯ ফেব্রুয়ারি) সন্ধ্যায় নিহতের ছেলে মামুন মোল্লা বাদী হয়ে ১৬ জনের নাম উল্লেখসহ ৪০-৫০ অজ্ঞাতপরিচয় আসামির বিরুদ্ধে মামলা করেন। অপরদিকে মোল্লাহাট থানার উপ-পরিদর্শক (এসআই) মাসুম বিল্লাহ বাদী হয়ে পুলিশ আহতের ঘটনায় ৩৪ জনের নাম উল্লেখসহ ৪৫০-৫০০ জন অজ্ঞাতপরিচয় আসামির বিরুদ্ধে মামলা করেন।
হত্যা ও পুলিশ আহতের মামলায় কাজী গ্রুপের নেতা লায়েক কাজী ও খাকি গ্রুপের নেতা শাহজাহান কাজীসহ ১২ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
এদিকে ময়নাতদন্ত শেষে রবিবার রাতে নিহত মোল্লারকুল এলাকার পান্না মোল্লার নামাজে জানাজা সম্পন্ন হয়েছে। এখনও এলাকায় থমথমে পরিবেশ বিরাজ করছে। সংঘর্ষে ব্যবহৃত ইট ও লাঠিসোটা এখনও পড়ে রয়েছে ঘটনাস্থলে। আতঙ্ক বিরাজ করছে স্থানীয়দের মধ্যে। ফের সংঘর্ষ এড়াতে এলাকায় পুলিশ মোতায়েন রয়েছে।
মোল্লাহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম আশরাফুল আলম বলেন, ‘হত্যা ও পুলিশের ওপর হামলার ঘটনায় পৃথক দুটি মামলা হয়েছে। দুই মামলায় ১২ জনকে গ্রেপ্তার করা হয়েছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।’
রবিবার সন্ধ্যায় আধিপত্য বিস্তার কেন্দ্র করে উপজেলার মোল্লারকুল এলাকায় লায়েক কাজী ও শাহজাহান খাকির গ্রুপের মধ্যে সংঘর্ষে পান্না মোল্লা নিহত হন এবং ৬ পুলিশ সদস্যসহ উভয়পক্ষের অন্তত ২৫ জন আহত হন। আহতরা মোল্লাহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। আধিপত্য বিস্তার কেন্দ্র করে দীর্ঘদিন ধরে দুপক্ষের মধ্যে বিবাদ চলে আসছিল। এর আগেও ২০২১ সালে একই এলাকায় কাজী ও খাকি গ্রুপের মধ্যে সংঘর্ষে একজন নিহতের ঘটনা ঘটেছিল।