কুষ্টিয়া প্রতিবেদক
প্রকাশ : ১৫ ফেব্রুয়ারি ২০২৪ ২০:২৫ পিএম
আপডেট : ১৫ ফেব্রুয়ারি ২০২৪ ২০:৪৫ পিএম
কুষ্টিয়ার দৌলতপুরে হামলার শিকার হয়েছেন সাংবাদিকরা। প্রবা ফটো
কুষ্টিয়ার দৌলতপুরে চ্যানেল টোয়েন্টিফোরের রিপোর্টার শরীফ উদ্দিন বিশ্বাস ও ক্যামেরাপারসন সুমনের ওপর হামলা হয়েছে। বৃহস্পতিবার (১৫ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার ফিলিপনগরে মুক্তিযোদ্ধা সনদ জালিয়াতি করে এক ব্যক্তির প্রশাসন ক্যাডারে চাকরির সংবাদ সংগ্রহে গিয়ে তারা হামলার শিকার হন।
এ সময় টেলিভিশন চ্যানেলটির ক্যামেরাসহ অন্যান্য সম্প্রচার যন্ত্রপাতি ভাঙচুর করা হয়। শরীফ বিশ্বাস চ্যানেল টোয়েন্টিফোরের পাশাপাশি দৈনিক কালবেলা পত্রিকার কুষ্টিয়া প্রতিনিধি। এ ছাড়া হামলার শিকার হয়েছেন স্থানীয় পত্রিকার সাংবাদিক খন্দকার আহসান হাবিব বিদ্যুৎ।
শরীফ বিশাস বলেন, হামলাকারীরা মারধর করে দীর্ঘক্ষণ অবরুদ্ধ করে রেখেছিল তাদের। স্থানীয় থানা থেকে শুরু করে পুলিশের শীর্ষ পর্যায়ে জানানো হলেও তাদের তাৎক্ষণিক উদ্ধার করতে কেউ যায়নি। দুই ঘণ্টা পর সাংবাদিকদের উদ্ধার করলেও হামলাকারী কাউকে গ্রেপ্তার করেনি পুলিশ।
দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম সন্ধ্যায় বলেন, ‘হামলার শিকার সাংবাদিকরা চিকিৎসা শেষে থানায় অবস্থান করছেন। মামলার প্রস্তুতি চলছে। দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’