আদমদীঘি (বগুড়া) প্রতিবেদক
প্রকাশ : ১৪ ফেব্রুয়ারি ২০২৪ ১৭:৪২ পিএম
আপডেট : ১৪ ফেব্রুয়ারি ২০২৪ ১৮:৩১ পিএম
আব্দুর রশিদকে গ্রেপ্তার করেছে র্যাব। প্রবা ফটো
বগুড়ার আদমদীঘি উপজেলায় বটি দিয়ে এক গৃহবধূকে কুপিয়ে হত্যার দায়ে স্বামী আব্দুর রশিদকে গ্রেপ্তার করেছে র্যাব। মঙ্গলবার (১৩ ফেব্রুয়ারি) রাতে ঢাকার গাজীপুরের সালনা বাজারের কাঁথারা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
রশিদ চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার শ্রীকান্দর গ্রামের বদিউজ্জামানের ছেলে।
র্যাব-১২ বগুড়ার কোম্পানি কমান্ডার মীর মনির হোসেন গণমাধ্যমে এসব তথ্য জানিয়েছেন।
র্যাবের দেওয়া তথ্যমতে জানা গেছে, আব্দুর রশিদ তার স্ত্রী রাজিয়া সুলতানাকে নিয়ে উপজেলার চা- বাগান মহল্লায় ‘মনোয়ারা ভিলা’ নামক একটি বাসা ভাড়া নিয়ে বাস করছিলেন। গত ৯ ফেব্রুয়ারি বিকাল ৫টার দিকে ওই ভাড়া বাসায় স্বামী-স্ত্রীর মধ্যে বিরোধের কারণে আব্দুর রশিদ ধারাল বটি দিয়ে স্ত্রী রাজিয়া সুলতানার শরীরের বিভিন্ন স্থানে কুপিয়ে পালিয়ে যায়। স্ত্রীর চিৎকারে এলাকাবাসী এগিয়ে এসে গুরুতর আহত অবস্থায় রাজিয়াকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নেয়। পরের দিন সকালে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
এরপর ১৩ ফেব্রুয়ারি নিহতের মা মর্জিনা বেগম বাদী হয়ে থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলার সূত্র ধরে বগুড়ার র্যাব-১২ এবং ঢাকার সাভারের নবীনগর র্যাব-৪ এর যৌথ অভিযানে গাজীপুরের কাঁথারা এলাকা থেকে আসামি আব্দুর রশিদকে গ্রেপ্তার করা হয়।
র্যাব-১২ বগুড়ার কোম্পানি কমান্ডার মীর মনির হোসেন বলেন, ‘র্যাবের যৌথ অভিযানে আসামি রশিদকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের পর বুধবার (১৪ ফেব্রুয়ারি) আসামিকে আদমদীঘি থানায় সোপর্দ করা হয়েছে।’