বান্দরবান প্রতিবেদক
প্রকাশ : ০৯ ফেব্রুয়ারি ২০২৪ ১৬:৫১ পিএম
আপডেট : ০৯ ফেব্রুয়ারি ২০২৪ ১৭:৩৩ পিএম
ঘুমধুম ইউপির ১ নম্বর ওয়ার্ড তুমব্রু পশ্চিমকূল এলাকা থেকে মর্টারশেল উদ্ধার করেছে বিজিবি। প্রবা ফটো
এবার বান্দরবানের নাইক্ষ্যংছড়ির ঘুমধুমে এক দিনের ব্যবধানে আরও একটি মর্টারশেল উদ্ধার করা হয়েছে। শুক্রবার (৯ ফেব্রুয়ারি) দুপুরে ঘুমধুম ইউপির ১ নম্বর ওয়ার্ডের তুমব্রু পশ্চিমকূল এলাকা থেকে এটি উদ্ধার করা হয়।
নাইক্ষ্যংছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল মান্নান বিষয়টি নিশ্চিত করেছেন।
স্থানীয়দের বরাতে তিনি জানান, গত ৮ ফেব্রুয়ারি দুপুরে ঘুমধুম ইউপির ৫ নম্বর ওয়ার্ড নয়াপাড়া এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায় অবিস্ফোরিত একটি মর্টার শেল উদ্ধার করা হয়। আজ দুপুরে তুমব্রু পশ্চিমকূল বিজিবি ক্যাম্পের কাছাকাছি এলাকার ধানক্ষেতে কাজ করতে গিয়ে একটি মর্টার শেল দেখতে পান স্থানীয়রা।
বিজিবির সদস্যরা সেটি নিজেদের হেফাজতে নিয়েছে। এ নিয়ে ২৪ ঘণ্টার ব্যাবধানে দুটি অবিস্ফোরিত মর্টার শেল উদ্ধার করা হলো। বিজিপি সদস্যরা পালিয়ে বাংলাদেশে প্রবেশের সময় এগুলো ফেলে গেছে বলে ধারণা করা হচ্ছে।
ওসি আবদুল মান্নান বলেন, ‘লোকজন ধানক্ষেতে কাজ করতে গিয়ে একটি মর্টার শেল দেখতে পেয়ে খবর দেন। পরে বিজিবির সদস্যরা সেটি উদ্ধার করে নিজেদের হেফাজতে নেন।’
ঘুমধুম পুলিশ ফাঁড়ি তদন্ত কেন্দ্রের ইনচার্জ (আইসি) মাহাফুজ ইমতিয়াজ ভুঁইয়া বলেন, ‘ঘুমধুম ইউনিয়নের নয়াপাড়া এলাকায় পাওয়া অবিস্ফোরিত মর্টার শেলটি বিজিবি উদ্ধার করে নিয়ে গেছে।’