প্রবা প্রতিবেদন
প্রকাশ : ০৫ ফেব্রুয়ারি ২০২৪ ২২:০১ পিএম
আপডেট : ০৫ ফেব্রুয়ারি ২০২৪ ২২:০৫ পিএম
বই মেলার অনুষ্ঠানে অতিথিরা। প্রবা ফটো
কুমিল্লায় কংশনগর উচ্চ বিদ্যালয়ের মাঠে বইমেলার অয়োজন করা হয়েছে। সোমবার (৫ ফেব্রুয়ারি) এই মেলা উদ্বোধন করেন কথা সাহিত্যিক ও পুলিশ সুপার রহমান শেলী (মিজানুর রহমান)। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কুশিল্লা জেলার পুলিশ সুপার আব্দুল মান্নান। মেলা চলবে আগামী ৭ ফেব্রুয়ারি পর্যন্ত।
মিজানুর রহমান শেলী বলেন, ‘বই হচ্ছে মানুষের মনের খোরাক। মনকে সুন্দর করতে হলে বই পড়তে হবে। মুখে স্নো-পাউডার দিলে যেমন চেহারা সুন্দর হয়, তেমনি বই পড়লে মন সুন্দর হয়। মন সুন্দর দেখতে হলে তার আচার-আচরণকে দেখতে হয়। যে সুন্দর করে কথা বলে, যে বড়দের সম্মান করে, যে ছোটদের স্নেহ করে তাদের মন সুন্দর হয়। যে নিজের কাজ নিজে করে, যে তার নিজের ঘরটিকে পরিস্কার করে রাখে, যে মা-বাবাকে সাহায়্য করে সে ভালো মনের অধিকারী হয়।’
তিনি আরও বলেন, ‘বিশ্ব বিখ্যাত অনেক লেখকের বই আমরা এখন সহজেই বইমেলায় পেয়ে যাই। বিষয়টা কত দারুণ! সবাই এখন চাইলেই বই পড়ে বিশ্ব বিখ্যাতদের জানতে পারি। বইমেলায় অনেক সুন্দর সুন্দর বই আছে। তোমরা বই কেনার পাশাপাশি বাবা-মা ও ভাই-বোনদের বইমেলায় নিয়ে আসবে। তাহলে সবাই বইকে আনন্দের সঙ্গে উপভোগ করতে পারবে।’
কুমিল্লার পুলিশ সুপার আব্দুল মান্নান বলেন, ‘একাডেমির বাইরেও প্রচুর বই পড়তে হবে। গল্প, কবিতা, উপন্যাস পড়লে ক্লাসেও ভালো স্টুডেন্ট হওয়া যায়। ক্লাসের পড়ার আগ্রহ বাড়ে। একটি জাতি গঠনে ছাত্রছাত্রীদের ভূমিকা অনন্য।’
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন স্কুলের ব্যবস্থাপনা কমিটির সভাপতি আরিফুর রহমান। বইমেলা ব্যবস্থাপনায় আছেন স্কুলের প্রধান শিক্ষক বাহালুল কবির ও আবু ইউসুফ।