ময়মনসিংহ প্রতিবেদক
প্রকাশ : ২৩ জানুয়ারি ২০২৪ ১২:৫০ পিএম
আপডেট : ২৩ জানুয়ারি ২০২৪ ১৫:২৯ পিএম
আলুবোঝাই ট্রাকের সঙ্গে চিনিবোঝাই পিকআপের মুখোমুখি সংঘর্ষ হয়েছে। প্রবা ফটো
ময়মনসিংহের তারাকান্দায় ট্রাক ও পিকআপের মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। নিহতের মধ্যে পিকআপের চালকও রয়েছেন। মঙ্গলবার (২৩ জানুয়ারি) সকাল ৭টার দিকে ময়মনসিংহ-শেরপুর সড়কের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন ঘোষবেড় গ্রামের মৃত আবদুল আলীর ছেলে পিকআপচালক কামরুল ইসলাম, সন্ধ্যাপুড়া গ্রামের ওসন আলীর ছেলের কাদির মিয়া ও আকদপাড়া গ্রামের মৃত রঞ্জন আলীর ছেলে মিজানুর রহমান। সবাই হালুয়াঘাট উপজেলার বাসিন্দা।
তারাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওয়াজেদ আলী এসব তথ্য নিশ্চিত করেছেন। এ পুলিশ কর্মকর্তা জানান, খবর পেয়ে লাশ উদ্ধার করা হয়েছে। ট্রাক জব্দ করা সম্ভব হলেও চালক পালিয়ে গেছেন। এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, আলুবোঝাই ট্রাকের সঙ্গে চিনিবোঝাই পিকআপের মুখোমুখি সংঘর্ষ হয়েছে। পিকআপটি হালুয়াঘাট থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে আসে। ঢাকা-শেরপুর সড়কের তারাকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এলাকায় আসতেই বিপরীত থেকে আসা আলুবোঝাই ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই পিকআপ চালক কামরুল ইসলাম মারা যান।
আহত দুই আরোহীকে স্থানীয়রা উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠালে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।