কুমিল্লা প্রতিবেদক
প্রকাশ : ২২ জানুয়ারি ২০২৪ ২১:৪৯ পিএম
আপডেট : ২২ জানুয়ারি ২০২৪ ২২:০৪ পিএম
কুমিল্লার কাচ্চি ডাইন রেস্টুরেন্টকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। প্রবা ফটো
দুবার সতর্ক করার পরও নিয়ম না মানায় কুমিল্লার কাচ্চি ডাইন রেস্টুরেন্টকে ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। পণ্যের মোড়কে ওজন ও পরিমাণ উল্লেখ না করা, অনুমতি ছাড়া পণ্য বোতলজাতকরণ, গুণগত মান যাচাই না করাসহ একাধিক অভিযোগে সোমবার (২২ জানুয়ারি) অভিযান চালিয়ে প্রতিষ্ঠানটিকে জরিমানা করা হয়। অভিযান পরিচালনা করেন কুমিল্লা জেলা প্রশাসকের কার্যালয়ের সিনিয়র সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ইমদাদুল হক তালুকদার।
বিএসটিআই সূত্রে জানা গেছে, শুরুর দিক থেকেই রেস্তোরাঁটি নিজেদের মোড়কে ফিরনি, বোরহানি, বাদামের শরবত, টিস্যু ব্যবহার করে আসছিল। গত বছরের অক্টোবরের পূর্বে মৌখিকভাবে ও পরে অক্টোবরের প্রথম সপ্তাহে কাচ্চি ডাইনকে লিখিতভাবে সতর্ক করা হয়। এরপরেও তারা নিয়ম মানছিল না। এ কারণে সোমবার প্রতিষ্ঠানটিকে ওজন ও পরিমাপ মানদণ্ড আইনে (২০১৮) ২৫ হাজার টাকা এবং বিএসটিআই আইনে (২০১৮) আরও ২৫ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়।
বিএসটিআই কুমিল্লার উপপরিচালক কেএম হানিফ বলেন, ‘আমরা দুবার সতর্ক করার পরেও তারা শোনেনি। শেষ পর্যন্ত ব্যবস্থা নিতে হলো। বিভিন্ন নিয়ম না মানায় ও কিছু পণ্যে বিএসটিআইয়ের অনুমতি না থাকায় তাদের ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।’
সিনিয়র সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ইমদাদুল হক তালুকদার বলেন, ‘আমরা অভিযান করে ৫০ হাজার টাকা জরিমানা করেছি। এর আগেও বিএসটিআই দুবার সতর্ক করেছে তাদের। তারা বিভিন্ন অনিয়ম করেই আসছিল। পরে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়। জনস্বার্থে আমাদের অভিযান অব্যাহত থাকবে।’