বান্দরবান প্রতিবেদক
প্রকাশ : ২০ জানুয়ারি ২০২৪ ১৪:০৭ পিএম
আপডেট : ২০ জানুয়ারি ২০২৪ ১৬:২০ পিএম
সেনাবাহিনী, পুলিশ, ফায়ার সার্ভিস ও স্থানীয়রা আহত পর্যটকদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসেন। প্রবা ফটো
বান্দরবানের রুমায় পর্যটকবাহী গাড়ি পাহাড়ের খাদে পড়ে দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও ১১ জন। শনিবার (২০ জানুয়ারি) বেলা সাড়ে ১১টায় রুমা-কেওক্রাডং সড়কের রুমসংপাড়া ও দার্জিলিং পাড়ার মাঝামাঝি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন ডা. ফিরোজা খাতুন। তিনি বিসিএস ক্যাডার ছিলেন। আরেকজন হলেন অনার্স পড়ুয়া জয়নব খাতুন। তাদের বাড়ি ঢাকা।
বান্দরবান রুমা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সৈয়দ মাহাবুবুল হক বলেন, দুর্ঘটনায় দুজন নারী পর্যটক নিহত হয়েছেন। দুর্ঘটনাকবলিত পর্যটকদের উদ্ধার করা হয়েছে।
বান্দরবান জিপ-মাইক্রোবাস মালিক সমিতির লাইনম্যান ফখরুল ইসলাম বলেন, গতকাল ৪৫ জনের পর্যটক দল বান্দরবান জিপ-মাইক্রোবাস জিপ স্টেশন থেকে পাঁচটি গাড়ি নিয়ে কেওক্রাডং ভ্রমণে যায়। কেওক্রাডং ভ্রমণে গিয়ে ফেরার পথে আজ রুমা-কেওক্রাডং সড়কের রুমসংপাড়া ও দার্জিলিং পাড়ার মাঝামাঝি এলাকায় গেলে একটি গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে পাহাড়ের খাদে পড়ে দুজন নিহত ও ১১জন গুরুতর আহত হন। সেনাবাহিনী, পুলিশ ও ফায়ার সার্ভিসের সহায়তায় ঘটনাস্থল হতে উদ্ধার করে রুমা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়। আহতদের মধ্যে দুজন ঘটনাস্থলেই নিহত হন এবং বাকি ১১ জনকে রুমা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা প্রদান শেষে বান্দবান সদর হাসপাতালে পাঠানো হয়েছে।