কালিয়াকৈর (গাজীপুর) প্রতিবেদক
প্রকাশ : ১৯ জানুয়ারি ২০২৪ ১২:৩৪ পিএম
আপডেট : ১৯ জানুয়ারি ২০২৪ ১২:৪৯ পিএম
সরকার নির্ধারিত নতুন বেতন কাঠামো বাস্তবায়নের দাবিতে শ্রমিকদের আন্দোলন। প্রবা ফটো
গাজীপুরের কালিয়াকৈরে দ্বিতীয় দিনের মতো সরকার ঘোষিত বেতন কাঠামো বাস্তবায়নের দাবিতে একাধিক কারখানার শ্রমিকরা আন্দোলন করেছেন। একপর্যায়ে আন্দোলনরত শ্রমিকরা ডেনিম এশিয়া নামের একটি কারখানায় বাইরে থেকে ইটপাটকেল ছুড়েন। পরে তাদের বুঝিয়ে পাঠিয়ে দেওয়া হয়।
শুক্রবার (১৯ জানুয়ারি) সকাল ৯টায় উপজেলার সফিপুর রতনপুর এলাকায় এ ঘটনা ঘটে।
জানা গেছে, যমুনা স্পিনিং ডিভিশন এবং মালেক স্পিনিং মিলের শ্রমিকরা সকালে আন্দোলনে নামেন। পরে তারা ডেনিম এশিয়া কারখানায় যান। সেখানে কারখানার বাইরে বিক্ষোভের একপর্যায়ে কারখানার গেটে ইটপাটকেল ছুড়তে থাকেন। খবর পেয়ে শিল্পাঞ্চল পুলিশ এসে পরিস্থিতি নিয়ে আনে। এরপর শ্রমিকদের বুঝিয়ে পাঠিয়ে দেওয়া হয়। কেউ কেউ জানিয়েছেন কারখানা ছুটি দিয়ে দেওয়া হয়েছে।

শ্রমিকরা বলছেন, তারা সাত হাজার টাকা বা তার কিছু বেশি বেতন পান। কিন্তু সরকার ঘোষিত বেতন কাঠামো এখনও বাস্তবায়ন করা করেননি মালিকরা। সরকার সর্বনিম্ন সাড়ে ১২ হাজার টাকার বেতন নির্ধারণ করলেও মালিকপক্ষ এই নির্দেশনা অমান্য করে শ্রমিকদের আগের বেতনই দিচ্ছে। বাজারে জিনিসপত্রের দাম যে হারে বৃদ্ধি পাচ্ছে তাতে বেতনের সাত-আট হাজার টাকা দিয়ে চলা কষ্টকর। তাই সরকার নির্ধারিত নতুন এই বেতন কাঠামো বাস্তবায়ন চান তারা।
যমুনা স্পিনিং ডিভিশনের শ্রমিক আলাল সরকার প্রতিদিনের বাংলাদেশকে বলেন, ‘সাত হাজার টাকা বেতনে সংসার চলে না। কোনোমতে খেয়ে না-খেয়ে বেঁচে আছি। মালিকপক্ষ সরকারের নির্দেশনা মানবে না বলে জানিয়ে দিয়েছে। আন্দোলন করলে কারখানা বন্ধ রাখার হুমকি দিচ্ছে মালিকপক্ষ।’
মালেক স্পিনিং মিলের লাইনম্যান খাদিজা আক্তার পিংকি বলেন, ‘বাজারে গেলে জিনিসপত্রের দাম শুনে মাথা ঘুরে যায়। সাত-আট হাজার টাকার বেতনে সংসার চালাতে হিমশিম খাই। তাই বেতন বাড়াতে আন্দোলনে নেমেছি।’
শিল্পাঞ্চল পুলিশ কালিয়াকৈর জোনের ওসি নিতাই চন্দ্র সরকার বলেন, ‘যমুনা স্পিনিং ডিভিশন এবং মালেক স্পিনিং মিলের শ্রমিকরা আন্দোলনের একপর্যায়ে ডেনিম এশিয়ায় এসে ভাঙচুর করেছেন। পরে তাদের বুঝিয়ে পাঠিয়ে দেওয়া হয়েছে।’
এই বিষয়ে কারখানা কর্তৃপক্ষের কেউ কথা বলতে চাননি।