ঝিনাইদহ প্রতিবেদক
প্রকাশ : ১১ জানুয়ারি ২০২৪ ২০:৫২ পিএম
আপডেট : ১১ জানুয়ারি ২০২৪ ২১:১২ পিএম
নিহত বরুন কুমার ঘোষ। প্রবা ফটো
ঝিনাইদহে আওয়ামী লীগের কর্মী বরুন ঘোষ হত্যার ঘটনায় সাত আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১১ জানুয়ারি) দুপুরে গ্রেপ্তারকৃতদের আদালতে সোপর্দ করা হয়। নিহত বরুনের স্ত্রী ৯ জনকে আসামি করে এবং অজ্ঞাতনামা আরও ১০ জনকে আসামি করে বুধবার রাতে সদর থানায় একটি হত্যা মামলা করেন।
মামলার পরে ঝিনাইদহ শহরের হামদহ, ব্যাপারীপাড়াসহ বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে পুলিশ তাদের গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃতরা হলেন ঝিনাইদহ শহরের হামদহ ঘোষপাড়া এলাকার কার্তিক ঘোষ ও তার ছেলে কল্লোল ঘোষ, কামাড়কুণ্ডু এলাকার সবুজ হোসেন, হামদহ এলাকার আইয়ুব আলী, ইসলামপাড়ার নয়ন মিয়া, ব্যাপারীপাড়ার মুন্না ও তরুণ ওরফে হাতকাটা তরুণ।
জেলার অতিরিক্ত পুলিশ সুপার মীর আবিদুর রহমান বলেন, আওয়ামী লীগের কর্মী বরুন ঘোষ হত্যা মামলার এজাহার নামীয় সাত আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। বাকিদের গ্রেপ্তারে অভিযান চলছে। তাকে কী কারণে হত্যা করা হয়েছে তা আরও তদন্তের পরে জানা যাবে বলে জানিয়েছে পুলিশ।
ভোটের এক দিন পরে মঙ্গলবার সন্ধ্যায় বরুন কুমার ঘোষ বাড়ির কাছে ঝিনাইদহ শহরের বাইপাস সড়কের ঘোষপাড়া ব্রিজ মোড় এলাকার একটি দোকানে বসেছিলেন। এ সময় একদল দুর্বৃত্ত তাকে উপর্যুপরি কুপিয়ে হত্যা করে। তার পা বিচ্ছিন্ন করে ফেলা হয়। ঘটনাস্থলেই তার মৃত্যু ঘটে। নিহত বরুন ঘোষ শহরের ঘোষপাড়া এলাকার নরেন্দ্রনাথ ঘোষের ছেলে। তিনি একজন আওয়ামী লীগ কর্মী ও সদ্য শেষ হওয়া জাতীয় সংসদ নির্বাচনে ঝিনাইদহ-২ (সদর ও হরিণাকুণ্ডু) আসনের নৌকা প্রতীকের পরাজিত প্রার্থী তাহজীব আলম সিদ্দিকীর সমর্থক ছিলেন।