প্রবা প্রতিবেদক, বরিশাল
প্রকাশ : ১১ জানুয়ারি ২০২৪ ১৭:১৩ পিএম
আপডেট : ১১ জানুয়ারি ২০২৪ ১৭:১৭ পিএম
বরিশালে এনডিসিকে চড় দেওয়ায় মেহেদি হাসান অভিকে আটক করে নিয়ে যায় পুলিশ। প্রবা ফটো
বরিশাল জেলা প্রশাসক কার্যালয়ের নেজারত অব ডেপুটি কালেক্টরকে (এনডিসি) হুমকি দেওয়া ও লাঞ্চিত করার অভিযোগে এক যুবককে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার (১১ জানুয়ারি) দুপুরে জেলা প্রশাসক কার্যালয়ের এনডিসির কক্ষে এ ঘটনা ঘটে।
আটক যুবকের নাম- মেহেদি হাসান অভি। তিনি বাকেরগঞ্জ উপজেলার চরাদি গ্রামের বাসিন্দা।
বরিশাল জেলা প্রশাসক শহীদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
জেলা প্রশাসক শহীদুল ইসলাম সাংবাদিকদের বলেন, এক যুবক আমাদের অফিসে এসে একজন কর্মকর্তাকে হুমকি দিয়েছে। বিষয়টি যেহেতু দায়িত্ব পালনের ক্ষেত্রে ঘটেছে। আইনগত বিষয়। তাই পুলিশ খবর দিয়ে তাকে হেফাজতে দেওয়া হয়েছে। বিষয়টি তারা খতিয়ে দেখবে।
কি ধরনের হুমকি জানতে চাইলে জেলা প্রশাসক বলেন, ওই যুবক বিভিন্ন ধরনের অসংলগ্ন কথাবার্তা বলেছে। দায়িত্ব পালন নিয়ে বিভিন্ন ধরনের অসংলগ্ন কথা বলেছে। সরকারি অফিসে এসে কেউ যদি হুমকি দেয়, সেটা তো সরকারি কাজে বাঁধা দেওয়া। তাই তার বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
কোতয়ালী মডেল ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিচুল হক বলেন, অবৈধভাবে ডিসি অফিসের সার্টিফিকেট শাখায় ঢুকেছিল যুবক। সেখানে সে অফিসিয়াল আইনবিরোধী কোনো কর্মকাণ্ড করেছে। সেখানকার কর্তৃপক্ষ তাকে আটক করে আমাদের কাছে হস্তান্তর করেছে। এ বিষয়ে আইনের আশ্রয় নেবে কর্তৃপক্ষ। লিখিত অভিযোগ পাওয়ার পর ব্যবস্থা নেওয়া হবে।
পুলিশ নেওয়ার সময় আটক যুবক অভি সাংবাদিকদের বলেন, আমি জেলা প্রশাসক কার্যালয়ের হিসাব সহকারী কাম কম্পিউটার পদে নিয়োগ পরীক্ষায় অংশ নেই। পরীক্ষায় উত্তীর্ণদের তালিকায় আমার নাম ছিল না। তাই চ্যালেঞ্জ করে আবেদন করি। বিষয়টি নিয়ে জানতে গেলে কথা-কাটাকাটি হয়। এক পর্যায়ে আমাকে এনডিসি অংচিং মারমা চড় দেয়। আমিও তাকে চড় দিয়েছি।