× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

নির্বাচনী অনিয়ম

পৌর কাউন্সিলরসহ দুজনের কারাদণ্ড, তদন্ত কমিটি গঠন

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ০৮ জানুয়ারি ২০২৪ ২৩:০৮ পিএম

পৌর কাউন্সিলরসহ দুজনের কারাদণ্ড, তদন্ত কমিটি গঠন

ভোটকেন্দ্র দখলের চেষ্টার অভিযোগে চট্টগ্রামের বাঁশখালীর পৌর কাউন্সিলরের তিন বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। এ ছাড়াও ঘুষগ্রহণের অপরাধে জামালপুরের ইসলামপুরে এক সহকারী প্রিসাইডিং কর্মকর্তার দুই বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। ফেনীর সোনাগাজীতে প্রিসাইডিং অফিসারকে মারধরের ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

বাঁশখালীতে পৌর কাউন্সিলরের তিন বছরের কারাদণ্ড

ভোটকেন্দ্র দখলের চেষ্টার অভিযোগে চট্টগ্রামের বাঁশখালী পৌরসভার ৭নং ওয়ার্ড কাউন্সিলর আবদুল গফুরকে (৩৮) তিন বছরের সশ্রম কারাদণ্ড ও পাঁচ হাজার টাকা জরিমানা করেছেন নির্বাচনী এলাকায় দায়িত্বপ্রাপ্ত এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ খাইরুল ইসলাম চৌধুরী। গত রবিবার রাতে এ কারাদণ্ড দেওয়া হয়। কাউন্সিলর আবদুল গফুর চট্টগ্রাম-১৬ আসনের বর্তমান এমপি মোস্তাফিজুর রহমান চৌধুরীর অনুসারী ছিলেন। 

বাঁশখালী থানার ওসি (তদন্ত) সুধাংশু শেখর হালদার বলেন, ‘তাকে ভোটকেন্দ্রে বিশৃঙ্খলার চেষ্টা করার পর আটক করা হয়। এ সময় তিনি পুলিশের সঙ্গে ঔদ্ধত্যপূর্ণ আচরণের অভিযোগে তার বিরুদ্ধে মামলা হয়।’

নির্বাচনে দক্ষিণ জলদী আসকরিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্র দখলের চেষ্টার অভিযোগে আটক হওয়া এই কাউন্সিলর গফুরকে ছাড়াতে গিয়েই এমপি মোস্তাফিজুর রহমান থানার ওসির রুমে গিয়ে পুলিশের ওপর চড়াও হন এবং ঔদ্ধত্যপূর্ণ আচরণ করেন। পরে পুলিশ প্রশাসন বিষয়টি নির্বাচন কমিশনকে অবহিত করার পর ঘটনার সত্যতা নিশ্চিত হলে নৌকার প্রার্থী মোস্তাফিজুর রহমানের প্রার্থিতা বাতিল করেন। 

স্থানীয় সূত্রে জানা যায়, কাউন্সিলর আবদুল গফুর প্রায় দুই বছর আগে বাঁশখালীর ৭নং আসকরিয়া ওয়ার্ডে প্রথমবারের মতো কাউন্সিলর নির্বাচিত হন। নির্বাচিত হওয়ার পর থেকে এলাকায় নিজস্ব গ্রুপ তৈরি করে এলাকয় ত্রাস সৃষ্টি করেছিলেন। এ ছাড়াও এলাকার জায়গা দখল এবং খাল খননের নামে লাখ লাখ টাকার মাটি বিক্রির অভিযোগ রয়েছে। 

সহকারী প্রিসাইডিং কর্মকর্তার দুই বছরের কারাদণ্ড 

জামালপুরের ইসলামপুরের কুলকান্দি ইউনিয়নের হরিণধরা ভোটকেন্দ্রে ঘুষের টাকাসহ জনতার হাতে আটককৃত সহকারী প্রিসাইডিং কর্মকর্তা চৌধুরী কুদরতে এ খুদাকে ২ বছরের সশ্রম কারাদণ্ড ও ৫ হাজার টাকা জরিমানা করেছেন আদালত। জামালপুর জেলা জজ আদালতের জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আতা উল্লাহ এ রায় দেন। 

সহকারী রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তা সিরাজুল ইসলাম বলেন, নির্বাচনে অনৈতিক সুবিধা দেওয়ার জন্য এক প্রার্থীর লোকজনের কাছ থেকে হরিণধরা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের সহকারী প্রিসাইডিং কর্মকর্তা চৌধুরী কুদরতে এ খুদা ২৫ হাজার টাকা গ্রহণ করেন। নির্বাচনের রাত ১টার দিকে স্থানীয় জনগণ তাকে টাকা হাতেনাতে আটক করে পুলিশে খবর দেয়। ঘটনার পরপরই অভিযুক্ত ওই সহকারী প্রিসাইডিং কর্মকর্তার নিয়োগ বাতিল করে সেই ভোটকেন্দ্রের জন্য নতুন কর্মকর্তা নিয়োগ দেওয়া হয়।

ইসলামপুর থানার ওসি সুমন তালুকদার বলেন, রোববার রাত ১২টায় ইসলামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে জুডিসিয়াল ম্যাজিস্ট্রেটের পরিচালনায় সংক্ষিপ্ত আদালতে অভিযুক্ত সহকারী প্রিসাইডিং কর্মকর্তার বিচারকার্য সম্পন্ন করা হয়। সোমবার তাকে জামালপুর জেলা কারাগারে পাঠানো হয়।

প্রিসাইডিং অফিসারকে মারধরের ঘটনায় তদন্ত কমিটি গঠন

ফেনী-৩ আসনের সোনাগাজী উপজেলার একটি ভোটকেন্দ্রে প্রিসাইডিং অফিসারের সঙ্গে স্বতন্ত্র প্রার্থী আওয়ামী লীগ নেতা হাজী রহিম উল্লাহর উদ্ধত্যপূর্ণ আচরণের ঘটনায় ৫ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। জেলা রিটার্নিং কর্মকর্তা ওই কমিটিকে ঘটনাটি সরেজমিনে তদন্ত করে তিন কার্যদিবসের মধ্যে প্রতিবেদন দাখিলের অনুরোধ করেছেন।

জেলা প্রশাসন সূত্রে জানা যায়, উপজেলার নবাবপুর ইউনিয়নের ভোরবাজার অ্যাডভোকেট বেলায়েত হোসেন উচ্চ বিদ্যালয় কেন্দ্রের দায়িত্ব পালনকালে প্রিসাইডিং অফিসার আমির হোসেন চৌধুরীকে চড় মারেন স্বতন্ত্র প্রার্থী ও সাবেক সংসদ সদস্য আওয়ামী লীগ নেতা হাজী রহিম উল্লাহ। এ ছাড়া গালিগালাজ ও হুমকি দেন তিনি। তার এমন আচরণের ঘটনা তদন্তের জন্য রিটার্নিং কর্মকর্তা মুছাম্মৎ শাহীনা আক্তার ৫ সদস্যবিশিষ্ট কমিটি গঠন করেন।

কমিটিতে অতিরিক্ত জেলা প্রশাসককে (রাজস্ব) আহ্বায়ক, সোনাগাজী উপজেলা নির্বাহী কর্মকর্তাকে সদস্য সচিব ও পুলিশের সোনাগাজী সার্কেলের সহকারী পুলিশ সুপার, সোনাগাজী উপজেলা নির্বাচন কর্মকর্তা, সোনাগাজী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) সদস্য করা হয়েছে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা