× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

নির্বাচনী সংঘাতে নিহত ২, হামলায় আহত শতাধিক

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ০৮ জানুয়ারি ২০২৪ ২২:৫৫ পিএম

ঝিনাইদহে শতাধিক বাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর করা হয়। প্রবা ফটো

ঝিনাইদহে শতাধিক বাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর করা হয়। প্রবা ফটো

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে বিভিন্ন স্থানে সহিংসতায় অন্তত দুইজন নিহত হয়েছেন। তাদের মধ্যে নেত্রকোণা-৩ (কেন্দুয়া-আটপাড়া) আসনে বিজয়ী স্বতন্ত্র প্রার্থী ইফতিখার উদ্দিন তালুকদার পিন্টুর এক সমর্থক রয়েছেন। সোমবার (৮ জানুয়ারি) বিকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। নিহত নুরুল আমিন জেলার আটপাড়া উপজেলার লুনেশ্বর ইউনিয়নের দেওগাঁও গ্রামের কাজিম উদ্দিনের ছেলে। নেত্রকোণার অতিরিক্ত পুলিশ সুপার মো. লুৎফুর রহমান বিষয়টি নিশ্চিত করেন।

এর আগে গত রবিবার রাত ১০টার দিকে স্বতন্ত্র প্রার্থীর বিজয়ের খবরে দেওগাঁও গ্রামে আনন্দ মিছিল বের হলে নৌকা প্রতীকের পরাজিত প্রার্থীর সমর্থকরা এ হামলার ঘটনা ঘটান বলে অভিযোগ। এ সময় দেওগাঁও গ্রামের বাসিন্দা নুরুল আমিন, সাকির হোসেন ও রাজন মিয়া আহত হন। পরে চিকিৎসাধীন অবস্থায় নুরুল আমিনের মৃত্যু হয়। এ ছাড়া একই উপজেলার সুখারী ইউনিয়নের দেওশ্রী ও বানিয়াজান ইউনিয়নের গাভুরকাছ গ্রামেও পরাজিত প্রার্থীর লোকজন বিজয়ী প্রার্থীর সমর্থকদের ওপর হামলা চালালে অন্তত ১০ জন আহত হন বলে অভিযোগ ওঠে। 

তা ছাড়া ঝালকাঠিতে এক স্বেচ্ছাসেবক লীগ নেতাকে কুপিয়ে হত্যা করা হয়েছে। তিনি হলেন ঝালকাঠির নলছিটি উপজেলার সিদ্ধকাঠি ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি কাজী ফুয়াদ। নিহত ফুয়াদ ওই ইউনিয়নের চৌদ্দবুড়িয়া গ্রামের মকবুল হোসেন কাজীর ছেলে। রবিবার রাত ১০টার দিকে চৌদ্দবুড়িয়া গ্রামে তাকে হত্যা করা হয়। নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুরাদ আলী বিষয়টি নিশ্চিত করেছেন।

স্থানীয়রা জানান, ফুয়াদ কাজীকে অজ্ঞাত দুর্বৃত্তরা কুপিয়ে হত্যা করে বাড়ির সামনে চৌদ্দবুড়িয়া প্রাথমিক বিদ্যালয়ের সামনে রেখে পালিয়ে যায়। ফুয়াদ কাজী জেলা পরিষদের সদস্য হানিফ মোল্লার অনুসারী ছিলেন। বেশ কিছুদিন ধরে সিদ্ধকাঠি ইউনিয়নের চেয়ারম্যান জেসমিন কাজীর সঙ্গে হানিফ মোল্লার বিরোধ চলে আসছিল বলে এলাকাবাসী জানিয়েছে। গত ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনকে কেন্দ্র করে জেসমিন কাজীর সঙ্গে ফুয়াদ কাজীর দূরত্ব সৃষ্টি হয়। জেলা পরিষদ সদস্য হানিফ মোল্লার সঙ্গে ফুয়াদ কাজীর সখ্য সৃষ্টি হয়।

সিদ্ধকাঠি ইউপির চেয়ারম্যান জেসমিন কাজী বলেন, নির্বাচনে নৌকার প্রার্থী বিজয়ী হওয়ায় আমরা বিজয় মিছিল করে দলীয় অফিসে সবাই মিষ্টি খেয়ে বাড়ি চলে যাই। ওই মিছিলে ফুয়াদ স্লোগান ধরেন। বাড়ি যাওয়ার কিছুক্ষণ পরে খবর শুনি ফুয়াদকে কে বা কারা কুপিয়ে হত্যা করে ফেলে রেখেছে। সে সম্পর্কে আমার আত্মীয় হতো। তার সঙ্গে আমার তেমন একাটা খারাপ সম্পর্ক ছিল না। পুলিশ তদন্ত করে বের করতে পারবে কারা তাকে হত্যা করল। নলছিটি থানার ওসি মুরাদ আলী জানান, ফুয়াদ কাজী নামে একজনকে দুর্বৃত্তরা কুপিয়ে হত্যা করেছে। পুলিশ ঘটনাস্থলে আছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

শতাধিক বাড়িতে হামলা, আহত শতাধিক

নির্বাচনপরবর্তী সহিংসতায় দেশের বিভিন্ন স্থানে হামলা-ভাঙচুর হয়েছে। এতে আহত হয়েছেন অনেকে। পাবনায় বেশ কিছু বাড়িতে হামলা-ভাঙচুর হয়েছে। এতে অন্তত ১২ জন আহত হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। রবিবার রাতে ভোটের ফল ঘোষণার পর থেকে সোমবার সকাল পর্যন্ত জেলার চাটমোহর ও বেড়া উপজেলায় এসব হামলার ঘটনা ঘটে।

সাতক্ষীরায় নির্বাচনপরবর্তী সহিংসতার ঘটনায় রেজাউল ইসলাম নামে এক সংবাদকর্মীর বাড়িতে হামলার ঘটনা ঘটেছে। সোমবার সকালে ৮টার দিকে সদর উপজেলার শাল্যে গ্রামে হামলার ঘটনাটি ঘটে। রেজাউল ইসলাম সাতক্ষীরা প্রেস ক্লাবের সদস্য ও দৈনিক গ্রামের কাগজের সাতক্ষীরা জেলা প্রতিনিধি।

লক্ষ্মীপুর-১ (রামগঞ্জ) আসনের স্বতন্ত্র প্রার্থীর নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব সামছুল হক মিজানের ওপর হামলা ও গাড়ি ভাঙচুরের ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। মাদারীপুরের কালকিনিতে বোমা হামলা, বাড়িঘর ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে। কুষ্টিয়ার চারটি সংসদীয় আসনেই পরাজিত প্রার্থীর সমর্থকদের বাড়িঘরে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। প্রায় ১৩ জন কর্মী-সমর্থকের ওপর হামলা চালিয়ে রক্তাক্ত করা হয়েছে। এদের মধ্যে আহত ১১ জনকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় ট্রাক প্রতীকের সমর্থক কালিয়াকৈর পৌর যুবলীগের সাংগঠনিক সম্পাদক শাহিন মাহমুদের অফিস ও বাসায় হামলা চালিয়ে ভাঙচুর করা হয়েছে। বাগেরহাটের মোংলায় দফায় দফায় সশস্ত্র হামলায় নৌকা প্রতীকের ১২ নেতা-কর্মী আহত হয়েছেন। এর মধ্যে একজনকে গুরুতর অবস্থায় খুলনা মেডিকেল হাসপাতালে পাঠানো হয়েছে। নাটোরের লালপুর ও বাগাতিপাড়া উপজেলার বিভিন্ন এলাকায় পরাজিত নৌকার প্রার্থী শহিদুল ইসলাম বকুলের কর্মী-সমর্থকদের অর্ধশতাধিক বাড়িঘর ভাঙচুর, লুটপাট ও শতাধিক কর্মী-সমর্থকের ওপর হামলার ঘটনা ঘটেছে। রবিবার রাত থেকে সোমবার বিকাল পর্যন্ত এসব হামলা করা হয়েছে।

শরীয়তপুরে নৌকার বিজয় মিছিলকে কেন্দ্র করে আওয়ামী লীগের দুই পক্ষে সংঘর্ষ হয়েছে। এতে কাউন্সিলরসহ আহত হয়েছেন ১৫ জন। জামালপুরের সরিষাবাড়ীতে পরাজিত নৌকার সমর্থকদের ডজনখানেক বাড়িঘরে হামলা, ভাঙচুর ও লুটতরাজের ঘটনা ঘটেছে। আওয়ামী লীগ নেতার কিন্ডারগার্টেন ভাঙচুর করে তালা ঝুলিয়ে দিয়েছেন বিজয়ী ট্রাক প্রতীকের লোকজন। পটুয়াখালীর কলাপাড়া উপজেলায় বিজয়ী নৌকা প্রতীকের প্রার্থী মো. মহিববুর রহমানের সঙ্গে দেখা করতে যাওয়ার পথে সাত সমর্থককে কুপিয়ে জখমের অভিযোগ পাওয়া গেছে। সোমবার বেলা সাড়ে ১১টার দিকে টিয়াখালী ইউনিয়নের হাটখোলা এলাকায় এ ঘটনা ঘটে। ময়মনসিংহের ত্রিশালে নির্বাচনের জন্য রিকুইজিশন করা শালবন বাস ভাঙচুর করেছে দুর্বৃত্তরা। লক্ষ্মীপুরে ভোটকেন্দ্র দখল, জাল ভোট প্রদান, এজেন্টদের জোরপূর্বক কেন্দ্র থেকে বের করে দেওয়া, সমর্থকের ওপর হামলা, গাড়ি ভাঙচুরসহ নানা অভিযোগে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ফল প্রত্যাখ্যান করে পুনরায় নির্বাচনের দাবি জানিয়ে সংবাদ সম্মেলন করেছেন ঈগল প্রতীকের স্বতন্ত্র প্রার্থী হাবিবুর রহমান পবন। তা ছাড়া ঝিনাইদহে শতাধিক বাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর করা হয়েছে। এতে শতাধিক ব্যক্তি আহত হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে।

[প্রতিবেদন তৈরিতে সহযোগিতা করেছেন ঝালকাঠি, নেত্রকোণা, পাবনা, সাতক্ষীরা, লক্ষ্মীপুর, মাদারীপুর, কুষ্টিয়া, গাজীপুর, বাগেরহাট, খুলনা, নাটোর, শরীয়তপুর, জামালপুর, পটুয়াখালী ও ঝিনাইদহ প্রতিবেদক]

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা