রাজশাহী অফিস
প্রকাশ : ০৮ জানুয়ারি ২০২৪ ১৮:৪৪ পিএম
আপডেট : ০৮ জানুয়ারি ২০২৪ ২০:০৯ পিএম
প্রতীকী ছবি
রাজশাহীর বাঘায় গাছ কাটাকে কেন্দ্র করে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (৮ জানুয়ারি) বেলা ১১টার দিকে উপজেলার গাওপাড়ায় এলাকায় এ ঘটনা ঘটে।
নিহতের নাম- মখলেসুর রহমান। তিনি বাঘা পৌরসভার ৫ নম্বর ওয়ার্ড গাওপাড়া গ্রামের বাসিন্দা। গ্রেপ্তার আসামির নাম- নুপুর বেগম। তিনি প্রধান আসামি কামাল হোসেনের স্ত্রী। কামাল হোসেন ও নিহত মখলেসুর রহমান সম্পর্কে শ্যালক দুলাভাই।
বাঘা থানার উপ-পরিদর্শক (এসআই) সাইদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, লিখিত অভিযোগ পাওয়ার পর মরদেহ রামেক হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। মরদেহের বুকে ও পিঠে আঘাতের পাওয়া গেছে। নিহতের ছেলে সাগর হোসেন বাঘা থানায় মামলা করেছেন। তিনজন আসামির মধ্যে একজনকে গ্রেপ্তার করা হয়েছে। অপর দুজনকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।
স্থানীয়রা জানান, বাঘা পৌরসভার গাওপাড়া গ্রামের বীরমুক্তিযোদ্ধা মৃত হায়দার আলীর মেয়েকে বিয়ে করেন একই গ্রামের কামাল হোসেন। স্ত্রীর জমির অংশ নিয়ে নিজের শ্যালক মখলেসুর রহমানের সঙ্গে দ্বন্দ্ব চলছিল কামাল হোসেনের। আজ একটি কদম গাছ কাটাকে কেন্দ্র করে উভয়পক্ষের মধ্যে তর্ক শুরু হয়। এক পর্যায়ে কামাল হোসেন উত্তেজিত হয়ে ইট ও গাছের ডাল দিয়ে আঘাত করে তার শ্যালককে। এতে তিনি গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।